আজকাল ওয়েবডেস্ক: রেকর্ডের হাতছানি সূর্যকুমার যাদবের সামনে। আজ বিরাট কোহলিকে ছুঁয়ে ফেলতে পারেন টি-২০ ক্রিকেটের একনম্বর ব্যাটার। তার জন্য প্রয়োজন মাত্র ১৫ রান। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ তে ২০০০ রান রয়েছে বিরাটের। এই মাইলস্টোনে পৌঁছতে ৫৬ ইনিংস নিয়েছেন তিনি। ৫৫ ইনিংসে সূর্যের রান ১৯৮৫। আজ ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ তে ১৫ বা তার বেশি রান করলেই কোহলিকে ছুঁয়ে ফেলবেন। বিরাটকে টপকে দ্রুততম ব্যাটার হিসেবে ২০০০ রানের ক্লাবে প্রবেশ করার সুযোগ ছিল সূর্যকুমারের সামনে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ তিন ম্যাচে রান পাননি। যার ফলে সেই রেকর্ড অধরাই থেকে গিয়েছে। সার্বিকভাবে এই রেকর্ডের অধিকারী বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। ৫২ ইনিংসে এই মাইলস্টোনে পৌঁছে যান পাকিস্তানের দুই ক্রিকেটার। তবে এই তিনজনের থেকে লোয়ার অর্ডারে ব্যাট করেন সূর্য। টি-২০ তে তাঁর ৫৯ শতাংশ রান মাঝের ওভারগুলোতে এসেছে। স্ট্রাইক রেট ১৬৫। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড ভাল সুর্যকুমারের। চার ইনিংসের মধ্যে তিনটেতে অর্ধশতরান। দক্ষিণ আফ্রিকার পেসারদের বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট ২০৩। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ এ সিরিজ জয়ের পর প্রোটিয়াদের বিরুদ্ধে ভয়ডরহীন ক্রিকেট চান ভারতের নেতা। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দলগুলো যেমন খেলে, দলের ক্রিকেটারদের থেকে একইধরনের ক্রিকেট চান সূর্য।
Suryakumar: কোহলিকে ছোঁয়ার হাতছানি, ভয়ডরহীন ক্রিকেট চান সূর্যকুমার
















