আজকাল ওয়েবডেস্ক: শুভমান গিলকে সোজা ব্যাটে খেলার পরামর্শ দিলেন সুনীল গাভাসকার। তিনি বলেন, প্রথম ইনিংসে শুভমান রান না পেলেও দ্বিতীয় ইনিংসে বেশ জমাট ছিল তাঁর ব্যাটিং। তবে বিদেশের মাটিতে খেলতে হলে সবার আগে সোজা ব্যাটে খেলার কায়দা রপ্ত করতে হবে। ভারত প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে এক ইনিংস এবং ৩২ রানে হেরেছে। প্রথম ইনিংসে কেএল রাহুল এবং দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ছাড়া দলের কোনও ব্যাটসম্যানই রান পাননি। গাভাসকারের মতে, বিদেশের মাটিতে ভারত তখনই বড় রান করেছে যখন তাঁদের ওপেনিং জুটি রান পেয়েছে। একটি দলের ওপেনাররা যখন রান পায় তখন দলের মিডল অর্ডার বাড়তি আত্মবিশ্বাস পেয়ে যায়। শুভমান ভারতের মাটিতে যে ধরণের ব্যাট করে তা যদি দক্ষিণ আফ্রিকার মাটিতে করতে যায় তবে এভাবেই আউট হবে, জানালেন ভারতের এই প্রবীণ ওপেনার।