আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফির তৃতীয় রাউন্ডে ত্রিপুরার বিরুদ্ধে খেলবেন না শ্রেয়স আইয়ার। ২৬ থেকে ২৯ অক্টোবর আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়ামে হবে ম্যাচ। ব্যক্তিগত কারণ দেখিয়ে মুম্বইয়ের নির্বাচক কমিটির কাছে বিরতির আবেদন জানান ভারতীয় তারকা। সেই আবেদন গৃহীত হয়েছে। বুধবার এমনই জানান মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সিনিয়র কর্তা। চলতি মরশুমে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের তিনটে ম্যাচেই খেলেন শ্রেয়স। তারমধ্যে ২৭ বছর পর ইরানি ট্রফি জয় রয়েছে। অবশিষ্ট ভারতের বিরুদ্ধে ৫৭ এবং ৮ রান করেন ২৯ বছরের ব্যাটার। গত সপ্তাহে রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডে মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ জেতানো ১৪২ রানের ইনিংস খেলেন। তারপরই তিনি জানান, ফিটনেসে ক্রমশ উন্নতি করছেন। 

শ্রেয়স বলেন, 'দীর্ঘদিন পর ফিরে দারুণ লাগছে। একটানা চোটের মধ্যে থাকায় কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। দীর্ঘদিন পর শতরান পেয়ে দারুণ অনুভূতি হচ্ছে।' চলতি মরশুমে রঞ্জি ট্রফিতে প্রথম শতরানের পর জানিয়েছিলেন তারকা ক্রিকেটার। পাশাপাশি জানান, ভারতের টেস্ট দলে প্রত্যাবর্তনের অপেক্ষায় তিনি। এই প্রসঙ্গে শ্রেয়স বলেন, 'আমি প্রত্যাবর্তনের অপেক্ষায়। কিন্তু সবকিছু আমার হাতে নেই। আমার হাতে যা আছে, আমি করতে পারি। আমার কাজ পারফর্ম করে যাওয়া, এবং যত সম্ভব বেশি প্রতিযোগিতায় অংশ নেওয়া। একইসঙ্গে নিজেকে সম্পূর্ণ ফিট করে তোলা। আমি টেস্ট দলে ফিরতে চাই। সেই কারণেই আমি ঘরোয়া ক্রিকেট খেলছি। নয়তো কোনও কারণ দেখিয়ে বাইরে বসে থাকতাম।' গত বছর পিঠের চোটের জন্য বেশিরভাগ সময় ক্রিকেটের বাইরে ছিলেন শ্রেয়স। ঘরোয়া ক্রিকেটে না খেলার জন্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন। তারপর রঞ্জি ট্রফির সেমিফাইনাল এবং ফাইনালে অংশ নেন। ৪৩তম বার ট্রফি জিততে দলকে সাহায্য করেন তারকা ক্রিকেটার। কিন্তু এখনও দেশের জার্সিতে লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন হয়নি। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স দিয়ে টেস্টে ফেরাই পাখির চোখ শ্রেয়সের।