আজকাল ওয়েবডেস্ক: অভিষেক শর্মা ও নীতীশ কুমার রেড্ডির উত্থানের পিছনে রয়েছেন একজন অস্ট্রেলিয়ান তারকা। অজি ক্রিকেটারের জন্যই দুই তরুণ ভারতীয় রীতিমতো প্রচারে। বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক ও নীতীশ নজর কেড়ে নিয়েছেন। তাঁদের দাপট দেখে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি বলছেন, সানরাইজার্স হায়দরাবাদে কামিন্সের নেতৃত্বে এই দুই ভারতীয় ক্রিকেটার খেলেন। আর কামিন্সের ছত্রছায়ায় তাঁরা বেড়ে উঠেছেন।
সানরাইজার্স হায়দরাবাদে নেতৃত্বের বদল ঘটেছে। মার্করামের পরিবর্তে ক্যাপ্টেন করা হয়েছে কামিন্সকে। অজি তারকাই হায়দরাবাদকে এবার ফাইনালে তুলেছিলেন। অভিষেক চারশোর বেশি রান করেছিলেন। নীতীশ ব্যাটিং ও বোলিংয়ে দক্ষতা দেখিয়েছেন।
সব দেখে শুনে বাসিত আলি বলছেন, ''অজি অধিনায়ক প্যাট কামিন্সের কথা আলাদা করে বলতেই হবে। অভিষেক শর্মা ও নীতীশ কুমার রেড্ডির সাফল্যের পিছনে কামিন্সের অবদান অস্বীকার করা অন্যায় হবে। কামিন্স এই দুই তরুণ ক্রিকেটারের পাশে সব সময়ে থেকে গিয়েছে। এটা ভুললে চলবে না।''
জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শতরান করেন অভিষেক। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৭৪ রান করেন নীতীশ। ভারত ৮৬ রানে ম্যাচ জিতেছিল।
