আজকাল ওয়েবডেস্ক: আইসিসি ব়্যাঙ্কিংয়ে জয়জয়কার ভারতের মহিলা ক্রিকেটারদের। একদিনের ক্রমতালিকায় একনম্বর স্থান ধরে রাখলেন স্মৃতি মন্ধানা। দীর্ঘদিন ধরে টেবিলের মগডালে। সম্প্রতি মেয়েদের আইপিএলেও জেতেন স্মৃতি। ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলেন। মেয়েদের বিশ্বকাপ জয়েও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। সাত নম্বরে উঠে এলেন হরমনপ্রীত কৌর। একটানা ছন্দ ধরে রেখেছেন ভারত অধিনায়ক। অন্যদিকে একই জায়গা দখল করে রেখেছেন জেমাইমা রডরিগেজ। তিনি রয়েছেন ১২ নম্বরে।
বিদেশিদের মধ্যে ব়্যাঙ্কিংয়ে কিছু অদলবদল হয়েছে। ন'নম্বরে নেমে গিয়েছেন সোফি ডিভাইন। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে সাফল্যের পর ক্রমতালিকায় তরতর করে এগিয়েছে কিউয়ি ক্রিকেটাররা। ১৭ নম্বরে উঠে এসেছেন ম্যাডি গ্রিন। ফাইনালে ৮০ রান এবং পাঁচ উইকেট নেওয়ায় ব়্যাঙ্কিংয়ে এগোন অ্যামেলিয়া কের। ম্যাচের এবং সিরিজ সেরা হয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন। ব্যাটিং এবং বোলিং বিভাগে এগোন ইসাবেল গেজ, রোজমেরি মেয়ার এবং ব্রি ইলিং। টি-২০ ক্রিকেটে ফর্ম ধরে রাখেন অ্যামেলিয়া কের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৮ রান করেন। ক্রমতালিকায় এগোন জর্জিয়া প্লিমারও। বোলারদের মধ্যে জেস কের ১১ ধাপ ওপরে ওঠেন। বড় লাফ সোফি ডিভাইনেরও।
