আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ঢাকে কাঠি পড়তে চলেছে। দশদিন পর শুরু কোটিপতি লিগ। বৃহস্পতিবার থেকে আইপিএলের প্রস্তুতি শুরু করে দেবে কলকাতা নাইট রাইডার্স। বুধবার থেকে শহরে আসতে শুরু করে ক্রিকেটাররা। সবার আগে উপস্থিত হন নাইটদের সহকারী কোচ শেন ওয়াটসন। তারপর একে একে আসেন ভারতীয় ক্রিকেটাররা। কলকাতায় পা রাখেন অজিঙ্ক রাহানে। এবারও তাঁর অধিনায়কত্বে খেলবে কেকেআর। গতবছর ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে দেখা যায় রাহানেকে। কিন্তু তাঁর নেতৃত্বে ফাইনালে উঠতে পারেনি আগেরবারের চ্যাম্পিয়নরা। তাই সরিয়ে দেওয়ার কথা উঠেছিল। একটা সময় পর্যন্ত এবার নাইটদের অধিনায়ক বদল নিশ্চিত ছিল। একাধিক নাম উঠে আসে। তারমধ্যে ছিলেন রিঙ্কু সিংও। কিন্তু শেষপর্যন্ত রাহানেতেই আস্থা রাখছে কেকেআর। বুধবার অধিনায়ক হিসেবে মুম্বইকরের নাম ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার ইডেনে বিকেল চারটেয় শুরু হয়ে যাবে নাইটদের প্রস্তুতি। আইপিএলের ইতিহাসে এবারই কেকেআরের সেরা দল। বেশ কয়েকজন বিদেশি প্লেয়ার নিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। তারমধ্যে অনেকেই টি-২০ স্পেশালিস্ট। বিদেশিদের মধ্যে রয়েছেন ক্যামেরুন গ্রিন, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রচিন রবীন্দ্র এবং রোভমান পাওয়েল। নতুন বোলারদের মধ্যে ব্লেসিং মুজারাবানিকে নিয়ে চমক দেয় নাইটরা। হর্ষিত রানার বদলে নেওয়া হয় জিম্বাবোয়ের বোলারকে। এছাড়াও রয়েছে মথিশা পথিরানা। তবে চোট রয়েছে। বর্তমানে রিহ্যাবে আছেন। আদৌ তাঁকে পাওয়া যাবে কিনা জানা নেই।
বৃহস্পতিবার মূলত ভারতীয় প্লেয়ারদের নিয়েই শুরু হবে কেকেআরের প্র্যাকটিস। টি-২০ বিশ্বকাপে খেলা প্লেয়াররা ধীরে ধীরে নাইটদের শিবিরে যোগ দেবে। সপ্তাহের শেষের মধ্যে সবার কলকাতায় চলে আসার কথা। পুরোনোদের মধ্যে রয়েছেন অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, মণীশ পাণ্ডে, রাহুল ত্রিপাঠী, অনুকূল রায়, রমন্দীপ সিং, বৈভব অরোরা, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। কিন্তু সবাই এখনও কলকাতায় পা রাখেনি। কলকাতায় চলে এসেছেন সার্থক রঞ্জন। রাতের মধ্যে আরও অনেকেই শহরে পা রাখবে।
