আজকাল ওয়েবডেস্ক: অজিঙ্কা রাহানেই দেবেন নেতৃত্ব। ২০২৬ আইপিএলে। জানিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। গতবারও রাহানেই ছিলেন নেতা। দল আট নম্বরে শেষ করেছিল। এবারও রাহানের উপরেই রাখা হল আস্থা।
অধিনায়কের দৌড়ে অনেকেই ছিলেন। রিঙ্কু সিংয়ের নামও শোনা গিয়েছিল কিছুদিন আগে। কিন্তু নাইট কর্তৃপক্ষ আস্থা রাখল রাহানের উপরেই।
মঙ্গলবার কেকেআর সোশ্যাল মিডিয়ায় অধিনায়ক হিসেবে রাহানের নাম ঘোষণা করেছে। এটা ঘটনা ভারতীয় দলে রাহানে এখন আর সুযোগ পান না। তবে ঘরোয়া ক্রিকেট নিয়মিত খেলেন মুম্বইয়ের হয়ে। খেলেন আইপিএলও। গত আইপিএলেও ব্যাট হাতে সাফল্য পেয়েছিলেন।
এবার দলটাও বেশ ভাল করেছে কেকেআর। সব বিভাগেই ভারসাম্য রয়েছে। তবে হর্ষিত রানার চোটের জন্য পেস বোলিং একটু দুর্বল হয়ে গেছে। যদিও ক্যামেরুন গ্রিন আছেন। বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং ছাড়াও সুনীল নারাইন, রোভম্যান পাওয়েলের মতো অভিজ্ঞ বিদেশি ক্রিকেটাররা আছেন। কেকেআর কর্তৃপক্ষ পরীক্ষা–নিরীক্ষার পথে হাঁটতে চাননি। কোচ অভিষেক নায়ারের পরামর্শে রাহানেকেই অধিনায়ক রেখে দেওয়া হল।
এদিকে, ফাইনাল শেষে কিউয়ি ক্রিকেটার ড্যারিল মিচেলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। জানালেন সূর্যকুমার যাদব।
টি–২০ বিশ্বকাপ ফাইনালে অর্শদীপ সিংয়ের থ্রো ড্যারিল মিচেলের গায়ে এসে লাগে। এরপরেই দুই ক্রিকেটার উত্তপ্ত বাক্যবিনিময় করেছিলেন। যদিও ম্যাচ শেষে মিচেলের কাছে গিয়ে সরিও বলেছিলেন অর্শদীপ। তা আগেই জানা গিয়েছিল। এবার অধিনায়ক সূর্যকুমার যাদব জানালেন, তিনি নিজেও ক্ষমা চেয়েছিলেন মিচেলের কাছে।
এই ঘটনায় অর্শদীপের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানাও করা হয়। সঙ্গে এক ডিমেরিট পয়েন্ট।
ফাইনাল শেষে অর্শদীপ হাতও মিলিয়েছিলেন মিচেলের সঙ্গে। এই বিষয়ে সূর্যকুমার বলেছেন, ‘আচমকা ঘটনাটা ঘটে গিয়েছিল। উত্তেজনার বশে এরকম হয়েই যায়। অনেক সময় বোঝা যায় না কি হয়ে গেল। কিন্তু অর্শদীপকে ম্যাচ শেষেই আমি বলেছিলাম এরকম ঘটনা যেন আর না হয়। এরপরই মিচেলের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেয় অর্শদীপ।’ তিনি আরও যোগ করেছেন, ‘মিচেলকে আমিও একই কথা বলেছিলাম। অর্শদীপ ইচ্ছাকৃত করে থাকলে দুঃখিত। আর ইচ্ছাকৃত না হলেও দুঃখিত।’
এটা ঘটনা, অর্শদীপও বলেছিলেন, ‘মিচেলের কাছে ক্ষমা চাইছি। আমার থ্রো ওঁর গায়ে লেগেছিল। ওটা ইচ্ছাকৃত ছিল না।’
