আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেন করবেন কেএল রাহুল। উইকেটের পেছনেও দেখা যাবে তাঁকে। আগের বছর দিল্লির জার্সিতে প্রথমবার খেলেন তারকা ক্রিকেটার। লখনউ সুপার জায়ান্টসের থেকে দিল্লিতে যোগ দেন। কিন্তু মিডল অর্ডারে ব্যাট করেন। গত আইপিএলের শুরুতে ওপেন করেন জেক ফ্রেজার ম্যাক গুরক। কিন্তু তাঁর ব্যর্থতা টিম ম্যানেজমেন্টকে বাধ্য করে রাহুলকে ওপেনিংয়ে ফেরাতে। গত আইপিএল শুরুর আগেই রাহুলের চার নম্বরে ব্যাট করা নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু লিগের ১১তম ম্যাচের পর বদলে যায় ব্যাটিং পজিশন। 

জায়গা বদলে ওপেনিংয়ে ফিরতেই পুরস্কার মেলে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৬৫ বলে ১১২ রান করেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। যদিও জয়ী দলের অঙ্গ হতে পারেননি। এক ওভার বাকি থাকতে ১০ উইকেট হাতে নিয়ে ২০০ রানের টার্গেটে পৌঁছে যায় গুজরাট। গত বছর দিল্লির হয়ে সর্বোচ্চ রান রাহুলের। ১৩ ম্যাচে ৫৩৯ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৯.৭২। ২০১৮ সাল থেকে এটাই তাঁর সেরা পারফরমেন্স। আসন্ন আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে দিল্লি। ভারতীয় প্লেয়ারদের নিয়ে দিল্লি এবং হায়দরাবাদে প্রস্তুতি শিবির শুরু করেছে। দ্য হান্ড্রেডের নিলামের পর কোচ হেমাঙ্গ বাদানি এবং ডিরেক্টর অফ ক্রিকেট বেনুগোপাল রাও আইপিএলে ফোকাস ফিরিয়েছে। 

অধিনায়ক অক্ষর প্যাটেল দলের সঙ্গে যোগ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। নিলামে বেশ কয়েকটা ভাল প্লেয়ার কিনেছে দিল্লি। বেস প্রাইজে ডেভিড মিলার এবং বেন ডাকেটকে কেনে। আকিব নবি, লুঙ্গি এনগিডি এবং কাইলি জেমিসনকে নিয়ে বোলিং লাইন আপ আরও জোরদার করে দিল্লি। গতবছর শুরুটা ভাল করেছিল অক্ষর প্যাটেলরা। কিন্তু ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পর পরিস্থিতি বদলে যায়। মোমেন্টাম হারিয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় দিল্লি। পাঁচ নম্বরে শেষ করে। কিন্তু এবার চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য তৈরি। স্পিন বিভাগে অক্ষরের পাশাপাশি কুলদীপ যাদবও রয়েছে। এবার ট্রফির খরা কাটাতে মরিয়া থাকবেন রাহুলরা।‌