আজকাল ওয়েবডেস্ক: পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। আইসিসি-র দ্বিচারিতায় অসন্তুষ্ট হয়ে নকভি বলেছিলেন, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কিনা, তা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্থির হবে। নকভির এহেন মন্তব্যকে ভাল ভাবে নেয়নি আইসিসি। পাকিস্তানও যদি সেই রাস্তা নেয়, তাহলে তাদের সবক শেখানো হবে।

আইসিসি-র তরফ থেকে সূত্র মারফৎ জানা গিয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের দাবিতে অনড় থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আরোপ হতে পারে নিষেধাজ্ঞাও।
বিশ্বকাপে খেলার ব্যাপারে আগামিকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি। 

তার আগে বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করে আইসিসির চিন্তা আরও বাড়িয়ে দিল পিসিবি। 


শনিবার লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসের পরে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচনের কথা ছিল। শেষমেশ কিছুই আর হয়নি। 
পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশেষ পরিস্থিতির জন্য বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করে দিয়েছে পিসিবি। 

টসের পরে জার্সি উন্মোচন না হলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৯০ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটস্থ করে নিয়েছে পাকিস্তান। 

পাকিস্তান একপ্রকার বয়কটের হুমকি দিয়েছিল। আইসিসি পাল্টা দিল পাকিস্তানকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির এহেন বার্তার পরে ভারতের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসনও গর্জে উঠেছিলেন।

তিনি বলেছেন, সমগ্র ক্রিকেটবিশ্বকে ব্ল্যাকমেল করছে। ওয়াসন মনে করেন, ক্রিকেটের মধ্যে রাজনীতি ডেকে আনা খেলাটারই ক্ষতি করছে।''

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অতুল ওয়াসন বলেছেন, ''এটা আমার মনে হয় কেবল বাহাদুরি কেনার চেষ্টা। আইসিসির চোখে ফাঁকি দিয়ে পুরো ক্রিকেটবিশ্বকে ব্ল্যাকমেল করা একটা বোকামি বাহাদুরি ছাড়া আর কিছু নয়। আমার মনে হয় পিসিবি এখন যা করছে, তা কেবল ক্রিকেট এবং ক্রিকেটারদেরই ক্ষতি করছে।

এই ক্ষতির সম্মুখীন হচ্ছে খেলোয়াড়রাই। পিসিবি ক্রিকেটকে ইস্যু করে গোঁফে তা দিচ্ছে। দুনিয়াকে দেখাচ্ছে দেখো বাংলাদেশকে সমর্থন করে আমরা নিজেদের ক্ষতিসাধন করছি।''

সব মিলিয়ে ক্রিকেটবিশ্বে এখন অস্থিরতা। বাংলাদেশ নেই বিশ্বকাপে। পাকিস্তান চোখ রাঙাচ্ছে। পালটা দিচ্ছে আইসিসিও। বিশ্বকাপের বল গড়ানোর আগে থেকেই কিন্তু সমস্যা তৈরি হয়ে গিয়েছে। পাকিস্তান বিশ্বকাপে না নামলে ক্ষতির মুখে পড়বে।