আজকাল ওয়েবডেস্ক: ২০১৪ বিশ্বকাপের 'গোল্ডেন বুট' জয়ী এবং একসময়ের বিশ্ব ফুটবলের 'গোল্ডেন বয়' তিনি। তাঁর এখন বয়স ৩৪। তিরিশোর্ধ্ব ফুটবলারদের বুড়ো ঘোড়ার তকমা দেয় ফুটবলবিশ্ব। ক্লাবগুলো দলে নিতে চায় না। সেই রকমই পরিস্থিতির সম্মুখীন হামেস রডরিগেজ। মাস দেড়েক ধরে হামেস রডরিগেজ বেকার। ক্লাব নেই। ফুটবলমাঠ থেকে দূরে তিনি। মেক্সিকাোর ক্লাব ‘ক্লাব লিওঁ’-র সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে গিয়েছে সেই ডিসেম্বরেই। কলম্বিয়া জাতীয় দলের অধিনায়ক এখনও তিনি। সেই হামেস রডরিগেজ বিশ্বকাপের পাঁচ মাস আগে ফুটবল খেলছেন না। এটা হামেসের জন্য বা কলম্বিয়ার জন্য ভাল লক্ষ্ণণ নয়। 
কলম্বিয়া জাতীয় দলে তিনি এখনও সুপারস্টার। ক্লাব কেরিয়ার প্রশ্নের মুখে। কিন্তু জাতীয় দলে তাঁর প্রতি অগাধ আস্থা। হামেস রডরিগেজ বিশ্বকাপে জ্বলে উঠে বিশ্বের সমস্ত ক্লাবগুলোকে হয়তো বার্তা দিয়ে যাবেন তিনি ফুরোননি। 

ক্লাব ফুটবলে হামেসকে বেশ কয়েকদিন ধরেই চেনা ছন্দে দেখা যাচ্ছিল না। কিন্তু কলম্বিয়ার জার্সিতে তিনি অন্য অবতারে ধরা দেন। সেই কারণে ক্লাব তাঁর প্রতি বিমুখ হলেও, জাতীয় দল তাঁর বিকল্প খুঁজে পায়নি এখনও। কিন্তু কলম্বিয়ার কোচ, কলম্বিয়ার ফুটবলভক্তরা তাঁকে জাতীয় দলের পাশাপাশি ক্লাবের হয়েও খেলতে দেখতে চান। কোনও ক্লাব তাঁর প্রতি এর মধ্যে আস্থা দেখালে ভাল।  নইলে ১৭ জুন উজবেকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে  কলম্বিয়ার অধিনায়ক হামেস রডরিগেজই।