আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ বিতর্কের পর বাতিল করা হল জাতীয় হকি দলের অধিনায়ক আম্মাদ শাকিল বাটের ওপর আরোপিত দু’বছরের নিষেধাজ্ঞা। পাকিস্তান সরকারের তরফে শাকিলের এই শাস্তিকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে অভিহিত করা হয়েছে।
এর আগে পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতি তারিক বুগতি পদত্যাগের ঠিক আগে বাটকে দু’বছরের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া হকি থেকে নিষিদ্ধ করেন। অস্ট্রেলিয়া সফরে ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে তীব্র সমালোচনা করায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নিযুক্ত অন্তর্বর্তীকালীন পিএইচএফ সভাপতি মহিউদ্দিন আহমেদ ওয়ানি ওই সিদ্ধান্ত বাতিল করে জানান, বুগতির পদক্ষেপ ‘আইন বহির্ভূত এবং অসাংবিধানিক’।
উল্লেখ্য, সম্প্রতি অস্ট্রেলিয়ার ক্যানবেরা-তে এফআইএইচ প্রো লিগ খেলতে গিয়ে পাকিস্তান দলকে চরম লজিস্টিক সমস্যার মুখে পড়তে হয়।
রাষ্ট্রায়ত্ত পাকিস্তান স্পোর্টস বোর্ড পাঁচতারকা হোটেলে থাকার জন্য ১ কোটি রুপি বরাদ্দ করলেও খেলোয়াড়দের শেষ পর্যন্ত ভাড়া করা ঘরে থাকতে হয় বলে অভিযোগ ওঠে।
দেশে ফেরার পর বিমানবন্দরে বাট ও কয়েকজন সিনিয়র খেলোয়াড় জানান, বর্তমান পাকিস্তান হকি ফেডারেশন ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে তারা আর কাজ করতে পারবেন না।
বাট অভিযোগ করেন, সফরের সময় খেলোয়াড়দের সমস্যার কথা গণমাধ্যমে প্রকাশ না করতে চাপ ও হুমকি দেওয়া হয়েছিল। তিনি আরও দাবি করেন, ম্যাচ খেলতে যাওয়ার আগে খেলোয়াড়দের ‘রান্নাঘর পরিষ্কার করা ও বাসন ধোয়া’ পর্যন্ত করতে হয়েছে।
এমনকী, নির্ধারিত হোটেল অগ্রিম টাকা না পাওয়ায় তাদের প্রবেশও নাকচ করে দেয়, ফলে দীর্ঘ সময় রাস্তায় কাটাতে হয় তাদের। বাটের অভিযোগ, গত এক বছর ধরে অনেক খেলোয়াড় দৈনিক ভাতা পর্যন্ত পাননি।
অন্যদিকে বুগতি পুরো ঘটনার দায় চাপান পাকিস্তান স্পোর্টস বোর্ডের ওপর, দাবি করেন সফরের যাবতীয় আয়োজন বোর্ডই করেছিল। বুগতির পদত্যাগ গ্রহণ করে সরকার ওয়ানিকে অন্তর্বর্তীকালীন সভাপতি এবং ব্রিগেডিয়ার মুসরাতুল্লাহকে ডিরেক্টর পদে নিয়োগ করে।
তারা অস্থায়ীভাবে হকির প্রশাসনিক দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে। চলতি প্রো লিগে পাকিস্তান এখন পর্যন্ত নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া এবং জার্মানির কাছে সবগুলো ম্যাচ হেরে ন’টি দলের মধ্যে শেষ স্থানে রয়েছে। উল্লেখ্য, আগামী চার মাস পর পাকিস্তান দলকে মিশরে অনুষ্ঠিত বিশ্বকাপের চূড়ান্ত বাছাইপর্বে অংশ নিতে যেতে হবে।
ক্রিকেট ছেড়ে এবার দেশের হকিতে মন দিয়েছেন মহসিন নকভি। প্রত্যেক খেলোয়াড়ের জন্য ৩ লক্ষ ২৬ হাজার টাকা (ভারতীয় মুদ্রায়) পুরস্কার ঘোষণা করেছেন তিনি।
অস্ট্রেলিয়া সফরে চরম অব্যবস্থা নিয়ে মুখ খুলে দু’বছরের জন্য সাসপেন্ড হওয়া অধিনায়ক শাকিল বাটের শাস্তি প্রত্যাহারেরও উদ্যোগ নিয়েছেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী (স্বরাষ্ট্র) নকভি।
এফআইএইচ প্রো লিগ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়া পাক দলের প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে দেখা করেছেন নকভি। অব্যবস্থার জন্য সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেছেন।
খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যত দ্রুত সম্ভব হকির সমস্যা মেটানোর কথা বলেছেন পাকিস্তনের অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী।
খেলোয়াড়দের সঙ্গে কথা বলার মাঝেই আসন্ন হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য দলের বিমানের টিকিট, জার্সি, অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম, হোটেল ঠিক করার নির্দেশ দেন নকভি।
তিনি বলেছেন, ‘সবার আগে পাকিস্তানের সম্মান। দেশের সম্মান নষ্ট হয়, এমন কিছু হতে দিতে পারি না আমরা। কোনও পরিস্থিতিতেই দেশের সম্মানের সঙ্গে সমঝোতা সম্ভব নয়।’
