আজকাল ওয়েবডেস্ক: গুগুলে কোন ক্রীড়াবিদকে এবছর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে? না, মেসি-রোনাল্ডো নয়। বিরাট, রোহিতের নামও তালিকায় নেই। গুগুল যে সার্চ তালিকা প্রকাশ করেছে তাতে অবাকই হতে হবে। প্রথম দশে নেই বিশ্বতারকারা। বাদ মেসি, রোনাল্ডো। ইন্টার মায়ামিতে যোগ দিয়ে শোরগোল ফেলেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। অষ্টমবার ব্যালন ডি"অর জিতলেও গুগুলের টপ সার্চে নেই তিনি। অথচ সবচেয়ে বেশি সার্চ হওয়া স্পোর্টস টিম ইন্টার মায়ামি। মোস্ট সার্চের লিস্টে ন"নম্বরে রয়েছেন দলের মালিক ডেভিড বেকহ্যাম। রোনাল্ডো তালিকায় না থাকলেও, তিন নম্বরে রয়েছে তাঁর দল আল নাসের। সবচেয়ে বেশি সার্চ হওয়া ক্রীড়াব্যক্তিত্বের তালিকায় দ্বিতীয় স্থানে কিলিয়ান এমবাপে। চমকপ্রদভাবে একনম্বরে আমেরিকান ফুটবলার ডামার হ্যামলিন। তার থেকেও অবাক করার মতো খবর হল, দু"জন ক্রিকেটার এই তালিকায় জায়গা পান। তবে তাঁরা বিরাট কোহলি বা রোহিত শর্মা নন। এমএস ধোনি বা শচীন তেন্ডুলকারও নয়। গুগুল সার্চে প্রথম দশে জায়গা করে নিয়েছেন শুভমন গিল। একমাত্র ভারতীয় হিসেবে এই তালিকায় রয়েছেন তিনি। নবম স্থানে ভারতের ওপেনার। তার এক ধাপ ওপরে অষ্টম স্থান দখল করেন রচীন রবীন্দ্র। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টপ সার্চে ঢুকে পড়েন তিনি।
