আজকাল ওয়েবডেস্ক:‌ দূষণের কথা মাথায় রেখে দিল্লি ও মুম্বইয়ে বিশ্বকাপের ম্যাচে স্টেডিয়ামে আতসবাজির প্রদর্শন নিষিদ্ধ করল বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ একথা জানিয়েছেন। প্রসঙ্গত, এই দুই শহরেই বায়ু দূষণের মাত্রা অত্যধিক। জয় শাহ জানিয়েছেন, ‘‌পরিবেশ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড খুব সচেতন। বিষয়টি আইসিসিকে জানানো হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, মুম্বই ও দিল্লিতে বিশ্বকাপের ম্যাচের সময় স্টেডিয়ামে আতসবাজির প্রদর্শন করা যাবে না।’‌ জয় শাহ আরও জানিয়েছেন, ‘‌যখন বিশ্বকাপ আয়োজন করছি, তখন দর্শক থেকে শুরু করে স্পনসর ও বিশ্বকাপের সঙ্গে যুক্ত সবার শারীরিক বিষয়টাও দেখতে হবে। সব দেখেশুনেই এই সিদ্ধান্ত।’‌ প্রসঙ্গত, বৃহস্পতিবার মুম্বইয়ে রয়েছে ভারত–শ্রীলঙ্কা ম্যাচ। আবার আগামী সোমবার দিল্লিতে মুখোমুখি শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এছাড়া একটি সেমিফাইনাল রয়েছে ওয়াংখেড়েতে। এই ম্যাচগুলিতে আতসবাজির প্রদর্শন করা যাবে না বলে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।