আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট ছেড়ে এবার দেশের হকিতে মন দিলেন মহসিন নকভি। প্রত্যেক খেলোয়াড়ের জন্য ৩ লক্ষ ২৬ হাজার টাকা (ভারতীয় মুদ্রায়) পুরস্কার ঘোষণা করেছেন তিনি। অস্ট্রেলিয়া সফরে চরম অব্যবস্থা নিয়ে মুখ খুলে দু’বছরের জন্য সাসপেন্ড হওয়া অধিনায়ক শাকিল বাটের শাস্তি প্রত্যাহারেরও উদ্যোগ নিয়েছেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী (স্বরাষ্ট্র) নকভি।
অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর লাহোর বিমানবন্দরে পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন শাকিল। জানিয়েছিলেন, হকি কর্তাদের হুঁশিয়ারির কথাও। অধিনায়কের একাধিক বিস্ফোরক অভিযোগের প্রেক্ষিতে সেদিনই তদন্তের নির্দেশ দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবু পরের দিনই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাকিলকে দু’বছরের জন্য সাসপেন্ড করে পাকিস্তান হকি ফেডারেশন। পরিস্থিতির চাপে পিএইচএফের সভাপতি পদে ইস্তফা দেন তারিক বুগতি। পরিস্থিতি সামলাতে নিজে হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী শরিফ। পিএইচএফের প্রধান উপদেষ্টা হিসাবে অন্তবর্তীকালীন সভাপতি নিয়োগ করেন মহিউদ্দিন আহমেদ ওয়ানিকে। বিশেষ দায়িত্ব দেন নকভিকে।
এরপরই এফআইএইচ প্রো লিগ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়া পাক দলের প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে দেখা করেছেন নকভি। অব্যবস্থার জন্য সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেছেন। খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যত দ্রুত সম্ভব হকির সমস্যা মেটানোর কথা বলেছেন পাকিস্তনের অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী। খেলোয়াড়দের সঙ্গে কথা বলার মাঝেই আসন্ন হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য দলের বিমানের টিকিট, জার্সি, অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম, হোটেল ঠিক করার নির্দেশ দেন নকভি। তিনি বলেছেন, ‘সবার আগে পাকিস্তানের সম্মান। দেশের সম্মান নষ্ট হয়, এমন কিছু হতে দিতে পারি না আমরা। কোনও পরিস্থিতিতেই দেশের সম্মানের সঙ্গে সমঝোতা সম্ভব নয়।’
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের প্রস্তুতির জন্য শনিবার থেকে শিবির হবে বলে জানিয়েছেন নকভি। শুক্রবারের মধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন পিএইচএফকে। হকি খেলোয়াড়দের চোট–আঘাতের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন পিসিবিকে। প্রয়োজনে ক্রিকেটের পরিকাঠামো ব্যবহার করতে দেওয়ারও নির্দেশ দিয়েছেন পিসিবি কর্তাদের। খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর সকলের হাতে ১০ লাখ টাকার (ভারতীয় মূল্যে প্রায় ৩ লাখ ২৬ হাজার টাকা) চেক তুলে দিয়েছেন। একই সঙ্গে দেশের মন্ত্রী হিসাবে শাকিলের শাস্তি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।
পিএইচএফ কর্তাদের সঙ্গে বৈঠকের পর নকভি বলেছেন, ‘আমি পিএইচএফের সভাপতি হতে চাই না। যতদিন না অচলাবস্থা মিটছে, ততদিন হকি খেলোয়াড়দের পাশে থাকব।’
