আজকাল ওয়েবডেস্ক: ফাইনালে আরসিবি। আবেগে ভাসছেন ভক্তরা। ভক্তদের কেউ কেউ আরসিবির জার্সি নিয়ে আস্থার ডুব দিচ্ছেন। কেউ বা পুজো দিচ্ছেন। কেউ দরগায় গিয়ে প্রার্থনা করছেন। ধর্মবর্ণ নির্বিশেষে সকলের একটাই প্রার্থনা, এবার অন্তত আইপিএল জিতুক আরসিবি। সেই প্রার্থনায় শামিল কর্নাটকের উপমুখ্যমন্ত্রীও।
ভক্তরা চাইছেন ১৭ বছরের ট্রফি খরা এবার অন্তত কাটুক। স্টেডিয়ামে উঠুক ‘ই সালা কাপ নামদে’ ধ্বনি।
এটা ঘটনা, শুধুমাত্র ইনস্টাগ্রামে আরসিবির ফলোয়ার সংখ্যা ২ কোটির বেশি। দল ফাইনালে ওঠায় উন্মাদনা আরও বেড়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অসংখ্য ভিডিও থেকে দেখা যাচ্ছে, মন্দিরের সিঁড়িতে হাঁটু গেড়ে উঠছেন আরসিবি ভক্তরা। পুজো দিচ্ছেন বিরাট কোহলি, রজত পতিদারদের জয় চেয়ে। কর্নাটকের একাধিক বিখ্যাত মন্দিরে ভিড় জমিয়েছেন আরসিবি ভক্তরা। বেশ কিছু দরগাতেও আরসিবির নামে প্রার্থনা চলছে।
এমনকী বিরাটদের সমর্থনে গলা ফাটাতে দেখা গেল কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে। ফাইনালের দিন সকালে আরসিবি জার্সি পরে একটি ভিডি পোস্ট করেন তিনি। তাঁর বার্তা, ‘গত ১৮ বছর ধরে এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। আমাদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনাল খেলতে নামবে। আমরা সবাই দলের সঙ্গে আছি, গোটা কর্নাটক তোমাদের সঙ্গে রয়েছে। ছেলেরা তোমরা যাও, ট্রফিটা এবার ঘরে নিয়ে এসো।’
প্রসঙ্গত, ফাইনাল উপলক্ষে কার্যত সেজে উঠেছে গোটা কর্নাটক। দলের পাশে থাকার বার্তা দিয়েছে সেরাজ্যের সরকারও।
