আজকাল ওয়েবডেস্ক: আইপিএল দরজায় কড়া নাড়ছে। ফুটছেন শুভমন গিল। টি-২০ বিশ্বকাপের দল থেকে তাঁকে ছেঁটে ফেলা হয়েছিল। টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক হলেও, ভারতের টি-২০ দলে তাঁকে রাখা হয়নি। সেই কারণে তেতে থাকবেন গিল। নিজেকে প্রমাণ করতে এবার আইপিএল জিততে মরিয়া থাকবেন। চেতেশ্বর পূজারা মনে করেন, সেই হতাশা কাটাতে আইপিএল জেতার আপ্রাণ চেষ্টা করবেন গিল। গতবছর এলিমিনেটর থেকে ছিটকে যায় গুজরাট। এবার দ্বিতীয়বার ট্রফি জেতার জন্য মরিয়া থাকবেন। 

ভারতের প্রাক্তনীর দাবি, টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়া গিলকে আরও বেশি মোটিভেট করবে। পূজারা বলেন, 'টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়া শুভমন গিলকে তাতিয়ে দেবে। ও উন্নতমানের প্লেয়ার। তিন ফরম্যাটেই খেলার যোগ্য। এবার আইপিএলে ভাল খেলতে পারলে, টি-২০ দলে সুযোগ পাওয়ার দাবিদার হবে। ও টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক। মাল্টি ফরম্যাট প্লেয়ার। আইপিএলে ভাল খেলতে পারলে, ভারতের টি-২০ দলে প্রত্যাবর্তন করবে। ওর ওপর কিছুটা চাপ থাকবে। কারণ বেশ কিছুদিন ও ভারতের টি-২০ দলের অঙ্গ নয়। অন্যদিকে আবার এটা ওর কাছে বড় সুযোগও। ওকে আরও কিছুটা হাত খুলতে হবে। এটার ওপরই ও কাজ করছে। ও যে ১৫০-১৬০ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে, সেটা দেখানোর আদর্শ মঞ্চ আইপিএল।'

এবারের নিলামে ৯০ লক্ষতে একজন আকর্ষণীয় প্লেয়ারকে নিয়েছে গুজরাট। ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বল করেন অশোক শর্মা। পূজারা মনে করেন, এই আইপিএলেই হাতেখড়ি হবে তাঁর। পাশাপাশি জানান, আশিস নেহরার অধীনে ট্রেনিং করার সুযোগ পেয়ে ভাগ্যবান উঠতি পেসার। পূজারা বলেন, 'প্রথম আইপিএল গুজরাট টাইটান্সের হয়ে খেলা, আশিস নেহরার কোচিংয়ে, এটা অশোক শর্মার কাছে বড় সুযোগ। শুরুতেই হয়ত প্রথম একাদশে সুযোগ পাবে না। প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, কাগিসো রাবাদা আছে। কিন্তু রাবাডা কয়েকটা ম্যাচে বাদ গেলেও আমি অবাক হব না। জেসন হোল্ডারকে খেলানোর কথাও ভাবতে পারে গুজরাট। কারণ টি-২০ ফরম্যাটে দারুণ ছন্দে আছে। সেক্ষেত্রে একজন বাড়তি ভারতীয় পেসারকে খেলানো হতে পারে। সুযোগ পেতে পারেন অশোক শর্মা। তবে আইপিএলে প্রথম পর্বে দলে খুব বেশি পরিবর্তন হবে না।'

এবার গুজরাটকে খেতাব জয়ের অন্যতম দাবিদার ধরছেন পূজারা। টপ অর্ডারের প্রশংসায় পঞ্চমুখ। গুজরাটের প্রথম তিন ব্যাটার শুভমন গিল, সাই সুদর্শন এবং জস বাটলার। একাধিক অলরাউন্ডার আছে। তার সঙ্গে যুক্ত হন জেসন হোল্ডার। বোলিংয়ে ভরসা কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। বেঞ্চে থাকবেন ইশান্ত শর্মা। এছাড়াও আছেন অশোক শর্মা।