আজকাল ওয়েবডেস্ক: বিরাট ধাক্কা পাঞ্জাব কিংস ব্রিগেডে। এই তারকা ক্রিকেটারকে ছাড়াই আইপিএলে নামতে হবে শ্রেয়স আইয়ারের দলকে। 

সম্প্রতি বাবা হয়েছেন নিউজিল্যান্ডের তারকা লকি ফার্গুসন। সেই কারণেই কিউয়ি এই তারকা  পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এবং আসন্ন আইপিএলে তাঁকে ছাড়াই গোড়ার দিকে নামতে হবে পাঞ্জাবকে। 

বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড পরাস্ত হয়েছে।  ফলে বাড়িতে সময় কাটানোর জন্য বিশেষ সময় পাননি ফার্গুসন। 

তিনি ছাড়া পাঞ্জাব ব্রিগেড তৈরি। অর্শদীপ সিং, মার্কো জ্যানসেন, জ্যাভিয়ার বার্টলেটের মতো বোলার রয়েছেন দলে। ফার্গুসনের অভাব তাঁরা দূর করবেন বলেই মনে করা হচ্ছে। 

এদিকে সাত কেজি ওজন ঝরিয়েছেন। চোট সারিয়ে আইপিএলে নামতে প্রস্তুত শ্রেয়স আইয়ার। গতবার ফাইনালে তাঁর দল পাঞ্জাব কিংসকে হারতে হয়েছিল আরসিবির কাছে। এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া শ্রেয়স। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে চোট পেয়েছিলেন। সেই চোট থেকে ফিরছেন। শ্রেয়স বলেছেন, ''‌চোট সারিযে ফেরাটা বরাবরই চ্যালেঞ্জিং। চোটের জন্য সাত কেজি ওজন কমেছে। দু’‌মাস পর মাঠে ফিরতে চলেছি। এটা ভেবেই ভাল লাগছে।'' 

আইয়ার আরও যোগ করেছেন, ''এই সাত কেজি ওজন ফিরে পেতে বেশ কষ্ট করতে হবে। বিষয়টি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। আবার দলকে নেতৃত্ব দেব। বেশ ভাল লাগছে।''

তিনি আরও যোগ করেছেন, ''‌এবারও প্রত্যাশা রয়েছে। চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালবাসি। আমার চোখ এবার ট্রফির দিকে। এই দুটো মাস একটা পরিবার হয়ে থাকতে হবে।''