আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কাই সত্যি হল। চ্যাম্পিয়ন্স ট্রফি‌ থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা। মঙ্গলবার বেশি রাতে এই খবর জানায় বিসিসিআই।‌ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁকে ফিট করে তোলার চেষ্টা চলছিল। বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন। কিন্তু তার আগে ফিট হতে পারলেন না বুমরা‌। যার ফলে তারকা পেসারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে না। তাঁর জায়গায় ১৫ জনের দলে সুযোগ পেলেন হর্ষিত রানা। দলে আরও একটি চমক রয়েছে। বাদ দেওয়া হল যশস্বী জয়েসওয়ালকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। 

একটি বিবৃতিতে বিসিসিআই জানায়, 'কোমরের চোটের জন্য জোরে বোলার যশপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে। বুমরার পরিবর্ত হিসেবে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে। বরুণ চক্রবর্তীকেও দলে নেওয়া হয়েছে। যশস্বী জয়েসওয়ালের জায়গায় তাঁকে নেওয়া হয়।' বর্ডার-গাভাসকর‌ ট্রফির পঞ্চম টেস্টে কোমরে চোট পান বুমরা।‌ দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। তাঁকে পাঁচ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা। সেই থেকেই তারকা পেসারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়। কিন্তু তাঁকে ফিট করে তোলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিট হতে পারলেন না বুমরা। তাঁর জায়গায় সুযোগ পেলেন হর্ষিত রানা। ১৫ জনের দলের জন্য মহম্মদ সিরাজের নাম বিবেচনা করা হয়নি। 

দলে আরও একটি বড় চমক রয়েছে। চূড়ান্ত দল থেকে বাদ দেওয়া হয় যশস্বী জয়েসওয়ালকে। তাঁর জায়গায় সুযোগ পেলেন বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দু'জনের হাতেখড়ি হয়। টি-২০ সিরিজে সাফল্যের ভিত্তিতে বরুণকে দলে নেওয়া হল। কেকেআরের রহস্য স্পিনারকে যে নেওয়া হতে পারে, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। কিন্তু একজন ব্যাটারের জায়গায় নেওয়া হবে ভাবা যায়নি। তিনজন নন ট্রাভেলিং সাবস্টিটিউটের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় রয়েছেন যশস্বী জয়েসওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে। কেউ চোট পেলে এদের মধ্যে থেকে কাউকে ডাকা হতে পারে। 

চ্যাম্পিয়ন্স ট্রফির দল:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার,‌ কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।