আজকাল ওয়েবডেস্ক: তিনি আইএসএলের গোল্ডেন বুট জয়ী। লাল-হলুদ জার্সি পরে খেলতে নেমে গোলের পর গোল করেছেন। বহুল চর্চিত আপ্তবাক্য ধার করে বলাই যায়, তিনি এলেন, দেখলেন এবং জয় করে নিলেন। ১৩ ম্যাচে ১১ গোল তাঁর। সেই ইউসেফ এজেজারিও কি ইস্টবেঙ্গলের হাতছাড়া হচ্ছে? তাঁকেও কি ধরে রাখতে পারবে না ইস্টবেঙ্গল?
সূত্রের খবর, এজেজারির কাছে একের পর এক প্রস্তাব আসছে আরব দেশের ক্লাব থেকে। লোভনীয় সব প্রস্তাব। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এজেজারি সেই প্রস্তাবে এখনও সই করেননি ঠিকই। কিন্তু তিনি চিন্তাভাবনা শুরু করেছেন। এমনটাই সূত্রের খবর। কিন্তু খোদ ইস্টবেঙ্গল থেকেই তো তাঁর কাছে নেই কোনও প্রস্তাব।
ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করার পরে ইউসেফ এজেজারি বলেছিলেন, তিনি থেকে যেতে চান ইস্টবেঙ্গলেই। লাল-হলুদ ক্লাবকে তিনি শ্রদ্ধা করেন। কিন্তু লাল-হলুদ ভারতসেরা হওয়ার পরে কেটে গিয়েছে অনেকগুলো দিন। গঙ্গা দিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। সূত্রের খবর, ইস্টবেঙ্গল গোল্ডেন বুট জয়ী স্ট্রাইকারের সঙ্গে কোনও কথাবার্তাই বলেনি। এই পরিস্থিতিতে কতদিন অপেক্ষা করে থাকবেন এজেজারি?
ইস্টবেঙ্গলকে ২২ বছর পরে অধরা মাধুরী এনে দিয়েছেন এজেজারি-রশিদরা। এজেজারি মোক্ষম সময়ে গোল করে ইস্টবেঙ্গলকে জিতিয়েছেন। অথচ তাঁর সঙ্গেই ইস্টবেঙ্গল কথা বলছে না! এটা কি যথার্থ সম্মান দেওয়া হচ্ছে আইএসএলের গোল্ডেন বুটজয়ীকে? তিনি এসেছিলেন একজন স্ট্রাইকার হয়ে। কিন্তু কলকাতা ছেড়েছেন ইতিহাস হয়ে। আশা রেখেছিলেন ইস্টবেঙ্গলেই ফিরে আসবেন। কিন্তু এখনও পর্যন্ত লাল-হলুদ তাঁকে ধরে রাখার কোনও ইচ্ছাই দেখাচ্ছে না। আর কতদিন অপেক্ষা করবেন ইউসেফ?















