আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরুর একদিন আগেই জানা গিয়েছিল হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আইপিএলের প্রথম দু’সপ্তাহ খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি। কিন্তু চেন্নাই সুপার কিংসের প্রকাশ করা একটি ভিডিও দেখে ভক্তদের মনে হচ্ছে, তার আগেই মাঠে ফিরতে পারেন মাহি।
ওই ভিডিওয় ধোনিকে অনুশীলন করতে দেখা গিয়েছে। এই দেখেই চেন্নাই ভক্তদের মনে হচ্ছে, নির্ধারিত সময়ের আগেই আইপিএলে ফিরতে পারেন ধোনি।
এটা ঘটনা, চেন্নাই ফ্রাঞ্চাইজি আগেই বিবৃতি দিয়ে জানিয়েছিল, চোটের জন্য প্রথম দু’সপ্তাহ আইপিএলে নেই ধোনি। এটা ঘটনা, ধোনির পায়ের পেশিতে চোট রয়েছে। তবে বুধবার ভিডিওয় তাঁকে কিটব্যাগ টেনে অনুশীলনে নামতে দেখা গিয়েছে। পাশে একজন সাপোর্ট স্টাফও ছিলেন। দেখা যায় তাঁর সঙ্গে গল্প করছেন ধোনি। এরপর আরও একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে ধোনিকে নেটে স্বচ্ছন্দে ব্যাট করতে দেখা গিয়েছে। কভার, মিড–অনের উপর দিয়ে শট খেলতে দেখা গিয়েছে তাঁকে। ব্যাট করার সময় অস্বস্তিতে দেখায়নি ধোনিকে। বড় শট খেলার বদলে তিনি সাধারণ জিনিস নিখুঁত করার দিকে নজর দিয়েছেন।
যদিও ধোনির মাঠে ফেরা নিয়ে চেন্নাইয়ের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। ফিরলেও হয়ত শুধু ব্যাটার হিসেবেই খেলবেন ধোনি। কারণ উইকেটের পিছনে দেখা যাবে সঞ্জু স্যামসনকে।
এটা ঘটনা, চেন্নাই অবশ্য আগেই জানিয়েছিল ধোনি এখন রিহ্যাব করছেন। এটাও বলা হয়েছিল সম্পূ্র্ণ ফিট হতে তাঁর দু’সপ্তাহ মতো সময় লাগতে পারে। আগামী ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালস ম্যাচ পর্যন্ত তাঁর খেলার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে প্রথম চারটি ম্যাচে ধোনিকে পাবে না চেন্নাই। নতুন কোনও সমস্যা না হলে আগামী ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম মাঠে নামতে পারেন ধোনি। এতেই স্পষ্ট ধোনির চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে চেন্নাই কর্তৃপক্ষ।
এদিকে, এবারের আইপিএল অভিযান হার দিয়ে শুরু করেছে চেন্নাই সুপার কিংস। মূলত ব্যাটিং ব্যর্থতাতেই রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছে। তাই দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া সঞ্জু স্যামসনরা।















