আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। বৃহস্পতিবার আবার ইডেনে কেকেআরের ম্যাচ। এবার সামনে লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচ হবে তো! উঠে গিয়েছে প্রশ্ন। কারণ কলকাতার আবহাওয়া।
এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গে কমবেশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালবৈশাখীর জন্যই সোমবার ইডেনে কলকাতা–পাঞ্জাব ম্যাচ ভেস্তে গিয়েছিল।
এদিকে, রাহানের ব্যাটিং ফর্ম এবং অধিনায়কত্ব দুই নিয়েই উঠে গিয়েছে প্রশ্ন। তিন ম্যাচ খেলেছে কেকেআর। অধিনায়ক রাহানের ব্যাটে রান নেই। পাশাপাশি নেতৃত্ব নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। যদিও ধারাভাষ্যকার সাইমন ডুল দাঁড়িয়েছেন রাহানের পাশে।
এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটে ডুল বলেছেন, ‘গত চার বছরে রাহানের রেকর্ড তো খারাপ নয়। ৩০ গড়ে ১৪৮ স্ট্রাইক রেটে রান করেছে। লোকে বলছে, ওকে বাদ দেওয়া উচিত। শেষ চার বছরে ওর রেকর্ড তো অন্তত রোহিতের চেয়ে ভাল। ঈশান কিষানের সমগোত্রীয়। তাহলে ওকে কেন বাদ দেওয়া হবে।’
হায়দরাবাদ ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে মেজাজ হারিয়েছিলেন রাহানে। এই প্রসঙ্গে ডুল বলেছেন, ‘ওর মেজাজ হারানো স্বাভাবিক। হ্যাঁ, ওর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে। দল খারাপ খেলায় ওর উপর চাপ বাড়ছে। সেই কারণেই হয়তো ওর মতো ক্রিকেটার মেজাজ হারিয়েছে। কিন্তু ওর ফর্ম খারাপ নেই।’
এটা ঘটনা, ২০২৩ সাল থেকে পাওয়ার প্লে–তে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট অভিষেক শর্মার (১৭৬.৫৬)। তার পরেই রয়েছেন রাহানে (১৬৭.৭৮)। গত মরশুমেও কেকেআরের হয়ে সবচেয়ে বেশি রান রাহানে করেছেন।















