আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির সমার্থক শব্দ রেকর্ড। আইপিএলে আরও একটি মাইলস্টোন ছুঁলেন তারকা ক্রিকেটার। কোটিপতি লিগের ইতিহাসে রান তাড়া করতে নেমে শতরানের সংখ্যায় জস বাটলারকে ছুঁয়ে ফেললেন কোহলি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৬০ বলে ১০৫ রান করা মাত্র এই নজির গড়েন। তিনটি ছয় এবং ১১টি চারের সাহায্যে স্ট্রাইক রেট ছিল ১৭৫। রান তাড়া করে এটি বিরাটের তৃতীয় শতরান। ছুঁয়ে ফেললেন বাটলারকে। রান তাড়া করতে নেমে ১৩৮ ম্যাচ, ১৩১ ইনিংসে ৪২৮৫ রান করেন কোহলি। গড় ৪২.৪২। স্ট্রাইক রেট ১৩৬.৪২। তারমধ্যে রয়েছে তিনটে শতরান এবং ২৯টি অর্ধশতরান। সর্বোচ্চ রান অপরাজিত ১০৮।
রান তাড়া করে ৭৬ ম্যাচ এবং ৭০ ইনিংসে ২৭৮৪ রান কোহলির। গড় ৬৩.২৭। স্ট্রাইক রেট ১৪২.৬৯। তারমধ্যে রয়েছে তিনটে শতরান এবং ২০টি অর্ধশতরান। সর্বোচ্চ অপরাজিত ১০৮। রান তাড়া করার ক্ষেত্রে বরাবরই মূল ভূমিকা নেন বিরাট। আইপিএলের ইতিহাসে ছ'বার বড় রান তাড়া করে জিতেছে বেঙ্গালুরু। প্রতিবারই গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আগের বছর লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২২৮ রান তাড়া করে জেতে বেঙ্গালুরু। ৩০ বলে ৫৪ রান করেন কোহলি। এবার গুজরাট টাইট্যান্সের বিরুদ্ধে ২০৬ রান তাড়া করে জেতা ম্যাচে ৪৪ বলে ৮১ রান করেন। ২০১০ আইপিএলে পাঞ্জাবের বিরুদ্ধে ২০৪ রান তাড়া করে জেতে বেঙ্গালুরু। ১৬ রানে অপরাজিত ছিলেন বিরাট। এবছর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০২ রান তাড়া করে জেতে আরসিবি। অপরাজিত ৬৯ রান করেন কোহলি। ২০২৪ সালে গুজরাটের বিরুদ্ধে ২০১ রান তাড়া করে জয়ে অপরাজিত ৭০ রান করেন। বুধবার কেকেআরের বিরুদ্ধে ১৯৩ রান তাড়া করতে নেমেও সফল। ১০৫ রানে অপরাজিত থাকেন বিরাট।
সফলভাবে রান তাড়া করে জেতা ছয় ম্যাচে কোহলির রান ৩৯৫। গড় ১৯৭.৫০। স্ট্রাইক রেট ১৭৩। এছাড়াও আরও একটি রেকর্ডের মালিক বিরাট। আইপিএলের ইতিহাসে ভারতীয় প্লেয়ারদের মধ্যে যৌথভাবে সবচেয়ে বেশিবার ম্যাচের সেরা হওয়ার নজির গড়লেন। ছুঁয়ে ফেলেন রোহিত শর্মাকে। দু'জনেই ২১ বার ম্যাচের সেরার পুরস্কার পান। প্রথম ভারতীয় হিসেবে ১০টি টি-২০ শতরানের মালিক। চলতি আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিন নম্বরে উঠে আসেন। ১২ ম্যাচে ৪৮৪ রান করেন। গড় ৫৩.৭৭। স্ট্রাইক রেট ১৬৫.৭৫। তারমধ্যে রয়েছে একটি শতরান এবং তিনটি অর্ধশতরান। এমন নজির অন্য কারোর নেই।















