আজকাল ওয়েবডেস্ক:‌ বৈভব সূর্যবংশী। ফের শিরোনামে। এবার জসপ্রীত বুমরাকে দুটি ছয় মেরে শিরোনামে চলে এসেছেন রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটার।

মঙ্গলবারের ম্যাচে রাজস্থান হারিয়ে দিয়েছে মুম্বইকে। ওই ম্যাচে বুমরাকে জোড়া ছয় মারে ১৫ বছরের বৈভব। দুটি ছয়ের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। যদিও বৈভব জানিয়েছে, বুমরাকে খেলার আগে যথেষ্ট চাপে ছিল সে। 


যদিও বৈভব বলেছে, ‘‌খুব একটা আলাদা অনুভূতি হয়নি ছয় মারার পর। বোলারের থেকে বেশি মনোযোগ দিয়েছিলাম বলের উপর। কিছুটা চিন্তিতও ছিলাম। কারণ বুমরার মতো এত বড় বোলারকে খেলতে হবে। কিন্তু নিজের খেলার উপর বিশ্বাস রাখাতেই সাফল্য পেয়েছিলাম। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী শট খেলেই সাফল্য এসেছে।’‌


বুমরাকে ফেস করার আগের দিন অনুশীলনে যথেষ্ট খেটেছিলেন বৈভব। তার সামনে দলের এক সাপোর্ট স্টাফ জোরে জোরে বল ছুড়ে দিচ্ছিল। সেই বলে বড় শট খেলার চেষ্টা করছিল বৈভব। রাজস্থানের ব্যাটারের কথায়, ‘‌এই ধরনের অনুশীলন অনেক সাহায্য করে। কাছ থেকে জোরে বল ছুড়ে দেওয়া হচ্ছিল আমার দিকে। এই অনুশীলন করলে ম্যাচে বোলারের সামনে খেলার সময় বাড়তি কিছুটা সময় পাওয়া যায়। এরপরেই মুম্বই ম্যাচে নাকি ও শুরু থেকেই চালিয়ে খেলার চেষ্টা করি।’‌


তবে খারাপ শট খেলে সে আউট হয়নি। একথাই মনে করে বৈভব। বৈভবের কথায়, ‘‌গত দুটো ম্যাচে ভাল শট খেলতে গিয়ে আউট হয়ে গিয়েছিলাম। প্রথম ম্যাচে খুব ভাল শট খেলেছিলাম। দুর্ভাগ্যবশত সেটা ফিল্ডারের হাতেই চলে যায়। গোটা ইনিংস খেলতে পারলে আরও অনেক রান করতে পারতাম।’‌


বৈভবদের পরের ম্যাচ বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে। বিরাটের সামনে বৈভব কেমন খেলে সেটাই এখন দেখার। 

 

‌‌