আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে পরপর দুরন্ত পারফরম্যান্স করে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে রয়েছেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী।

এবার মাঠের বাইরে খুদে অনুরাগীদের সঙ্গে মজার এক মুহূর্তে আবারও শিরোনামে উঠে এলেন মাত্র ১৫ বছরের এই ক্রিকেটার। বিমানবন্দরে দুই খুদে ভক্তের সঙ্গে তাঁর প্র্যাঙ্কের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

রাজস্থান রয়্যালস নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যায়, দুই খুদে ভক্ত বৈভবের কাছে ছবি তোলার অনুরোধ নিয়ে এসেছে। কিন্তু তারকা ক্রিকেটার তাঁদের ফিরিয়ে দেননি।

উল্টে তাঁদের সঙ্গে মজা করে বলেন, ছবি তুলতে হলে টাকা লাগবে। ভিডিওতে বৈভবকে বলতে শোনা যায়, ‘ভাই, ছবি তুলতে হলে আমি টাকা নিই। এখনই আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, এক একটা ছবি ১০০ টাকা করে লাগবে।’

এরপরেও দুই খুদে কিন্তু দমে যায়নি। তারা কিছুক্ষণ পরই ২০০ টাকা নিয়ে ফিরে আসে। যাতে বৈভবের সঙ্গে ছবি তুলতে পারে। তখনই বৈভব জানিয়ে দেন, পুরো বিষয়টি ছিল শুধুই মজা।

এরপর হাসিমুখে তাঁদের সঙ্গে একাধিক ছবি তোলেন তিনি। মাঠের বাইরের এই মজার ঘটনার পাশাপাশি চলতি আইপিএলে ব্যাট হাতেও দুরন্ত ছন্দে রয়েছেন বৈভব সূর্যবংশী। সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৩৬ বলে শতরান করেন তিনি।

যা আইপিএল ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। তাঁর ইনিংস দেখে মুগ্ধ সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্সও প্রশংসায় ভরিয়ে দেন তরুণ ব্যাটারকে।

কামিন্স বলেন, ‘ও এখন আমার প্রিয় ক্রিকেটারদের তালিকায় নতুন যোগ হল। ওর ব্যাটে-বলে সংযোগ হতে দেখাটা সত্যিই আনন্দের।’ তিনি আরও বলেন, ‘বৈভবকে আটকাতে বোলারদের একদম নিখুঁত লাইন-লেন্থে বল করতে হবে।

না হলে বল সোজা বাউন্ডারির বাইরে। কেরিয়ারের শুরুটা বৈভব অসাধারণ করেছে। ও যেভাবে খেলছে, সেটা আমার খুব ভাল লাগে।’ এখনও পর্যন্ত চলতি মরশুমে আট ম্যাচে ৩৫৭ রান করেছেন বৈভব সূর্যবংশী।

তাঁর গড় ৪৪.৬৩ এবং স্ট্রাইক রেট ২৩৪.৮৭। ইতিমধ্যেই তিনি মেরেছেন ৩১টি চার ও ৩২টি ছক্কা। আগামী ২৮ এপ্রিল মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। সেখানেও নজর থাকবে এই বিস্ময় বালকের দিকেই।