আজকাল ওয়েবডেস্ক: আরও একটি দুর্দান্ত ইনিংস উপহার বৈভব সূর্যবংশীর। শুরুতে ঝড় তোলা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও তারই পুনরাবৃত্তি ঘটল। ২২৩ রান তাড়া করতে নেমে, ১৬ বলে ৪৩ রান করেন বিস্ময় বালক। ইনিংসে ছিল পাঁচটি ছয়, তিনটি চার। এদিন আরও একটি নজির গড়েন বৈভব। এই পাঁচটি ছয়ের মাধ্যমে টি-২০ তে ৯৯টি ছয় হাঁকান। ৫১১ বলে এই নজির গড়েন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দ্রুততম ছক্কার সেঞ্চুরির রেকর্ড ছিল কাইরন পোলার্ডের। ৮৪৩ বলে এই নজির গড়েন। সূর্যবংশীর সেই রেকর্ড ভাঙা নিশ্চিত। তবে কবে সেটাই দেখার।
এদিন পাঞ্জাবের অপরাজিত তকমা ভাঙে রাজস্থান রয়্যালস। ৪ বল বাকি থাকতে ৬ উইকেটে জেতে বৈভিবরা। প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ২২২ রান তোলে পাঞ্জাব কিংস। ৫৯ রান করেন প্রভসিমরন সিং। সব ব্যাটাররাই রান পায়। ৩০ রান করেন শ্রেয়স আইয়ার। পাঞ্জাবের সর্বোচ্চ রান সংগ্রহকারী মার্কাস স্টোইনিস। ২২ বলে ৬২ রান করেন। ইনিংসে ছিল ৬টি ছয়, ৪টি চার। স্ট্রাইক রেট প্রায় ২৮২। কিন্তু স্টোইনিস ঝড় দলকে জেতাতে পারেনি। রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে শুরু করেন বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়েসওয়াল। ২৭ বলে ৫১ রান করেন যশস্বী। রান পাননি ধ্রুব জুরেল (১৬)। তবে দোনোভ্যান ফেরেইরা (৫২) এবং শুভহম দুবের (৩১) জুটিতে জয়ে পৌঁছে যায় রাজস্থান। চলতি আইপিএলে পাঞ্জাবের প্রথম হার।















