আজকাল ওয়েবডেস্ক: আবার খবরে ভারতের সোনার ছেলে। তবে এবার জ্যাভলিন হাতে হয়, কোর্টের বাইরের বিষয় নিয়ে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জ্যাভলিন কোচ নাভাল সিংয়ের বিরুদ্ধে লিখিত আক্রমণ দায়ের করলেন নীরজ চোপড়া। অভিযোগের মূলে প্যারালিম্পিকে সোনাজয়ী সুমিত আন্টিল। তাঁকে সমর্থন করেন নীরজ। দাবি, অ্যাথলিটদের গালিগালাজ করেন সাইয়ের কোচ। তাঁদের পরিবারকেও আক্রমণ করা হয়। ১০ এপ্রিল সাইয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দাবি, মদ্যপ অবস্থায় অভব্যতা করেন নাভাল সিং। শুধুমাত্র সুমিত নয়, নীরজের দাবি, একাধিক অ্যাথলিটদের পরিবারকেও গালিগালাজ করা হয়েছে। তাই সাইয়ের কোচের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চান। 

চিঠিতে নীরজ লেখেন, 'আমি আমার সতীর্থদের পাশে আছি। আমি এবং আমার সতীর্থরা কড়া পদক্ষেপ চাই। আমরা বিশ্বমঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করি। খেলাধুলায় শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ। অ্যাথলিট এবং তাঁদের পরিবারকে আপত্তিকর ভাষায় আক্রমণ করা হয়েছে। অপেশাদার আচরণ। এই ব্যবহারে আমি অবাক।' সাইয়ে অভিযোগের পাশাপাশি প্যারালিম্পিক কমিটির কাছেও বিষয়টি জানানো হয়েছে। আরও গুরুতর অভিযোগ করেন সুমিত। তিনি জানান, মদ্যপান করে প্লেয়ার এবং তাঁদের পরিবারকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন সাইয়ের কোচ। অরুচিকর অডিও মেসেজ পাঠান। ভবিষ্যতে যাতে আর এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হয় অ্যাথলিটরা, সরব হন তিনি। সুমিত বলেন, 'উনি মাতাল অবস্থায় আমাদের গালাগালি দেন। পরিবারকেও আক্রমণ করেন। অনেকে ভয়ে কিছু বলতে চায় না। কিন্তু আমি চাই না ভবিষ্যতে অন্যান্য অ্যাথলিটরাও এমন আচরণের সম্মুখীন হোক।' ভারতের কোচের এই কাণ্ড শোরগোল ফেলে দিয়েছে।