আজকাল ওয়েবডেস্ক: ঋতুরাজ গায়কোয়ারকে নিয়ে খুব একটা আশাবাদী নন, ভবিষ্যতের অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনকে দেখছেন রবিচন্দ্রন অশ্বিন। এমএস ধোনির উত্তরসূরি হিসেবে নয়, চান নিজের নামেই পরিচিত হন কেরলের উইকেটকিপার ব্যাটার। প্রাক্তন স্পিনার মনে করেন, বেশ কয়েক বছর ধরেই নতুন অধিনায়কের সন্ধানে ছিল চেন্নাই সুপার কিংস। প্রথমে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করা হয়। কিন্তু এই সিদ্ধান্ত কার্যকরী হয়নি। পরবর্তীতে স্টিফেন ফ্লেমিংকে শিখণ্ডী করে অধিনায়ক করা হয় ঋতুরাজ গায়কোয়ারকে। এই প্রসঙ্গে অশ্বিন বলেন, 'আমার মনে হয় নেতৃত্বের ব্যাটন পাস করে দেওয়া হয়েছে। যখন জাদেজাকে অধিনায়ক করা হয়েছিল, সেই থেকেই শুরু। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকরী হয়নি। সেই থেকে ঋতুরাজ আছে। আমার মনে হয়, ফ্লেমিংকে সঙ্গে নিয়ে গত ২-৩ বছর ঋতুরাজ কাজ চালাচ্ছে। আমি জ্যোতিষী নই। তবে বলতে পারি, কোনও একটা সময় সঞ্জু সিএসকের অধিনায়ক হবে। সেই দিনটা কবে আসবে জানি না, তবে হবেই।' 

অশ্বিন মনে করেন, চেন্নাইয়ে ধোনির পদাঙ্ক অনুসরণ করে চলা বাধ্যতামূলক নয়। নিজস্ব উদাহরণ সেট করতে পারেন সঞ্জু। অশ্বিন বলেন, 'আমি চাইব না সঞ্জু অন্য কারোর জুতোয় পা গলাক। কাউকে মেনে চলতে হবে না। একইভাবে খেলা বা নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। ওর নিজস্ব স্টাইল আছে। আমি ওকে সম্পূর্ণ নিজের মতো খেলতে দেখতে চাই। সবসময় কাউকে অনুসরণ করে চলতে গিয়ে সমস্যা হয়। সেটা করতে গিয়ে আমরা নিজেদের মতো বাঁচতে পারি না। অন্যের জুতোয় পা গলাতে চাই। আমি ওকে সেইভাবে দেখতে চাই না।' এবার মেগা নিলামে রবীন্দ্র জাদেজার পরিবর্তে স্যামসনকে নেয় চেন্নাই। প্রথম তিন ম্যাচে ব্যর্থ হলেও, দিল্লির বিরুদ্ধে অপরাজিত ১১৫ রান করেন। একই ফর্ম পরের ম্যাচেও অব্যাহত রাখেন। ৩২ বলে ৪৮ রান করেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আবার স্পটলাইট থাকবে সঞ্জুর ওপর।