আজকাল ওয়েবডেস্ক: হারের হ্যাটট্রিকের পর প্রথম জয়। চেন্নাই সুপার কিংস শিবিরের গুমোট ভাব কাটিয়েছে। কিছুটা তাজা বাতাস প্রবেশ করেছে ড্রেসিংরুমের অন্দরমহলে। সৌজন্যে সঞ্জু স্যামসন। শনিবার চিপকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে উইকেটকিপার ব্যাটারের প্রদর্শন শিবিরে ভরসা ফেরায়। ৫৬ বলে অপরাজিত ১১৫ রান। হলুদ জার্সিতে প্রথম সাফল্য। প্রথম তিন ম্যাচে ব্যর্থ হওয়ার পর, দিল্লির বিরুদ্ধে আবার স্বমহিমায় পাওয়া যায় সঞ্জুকে। শক্তিশালী আক্রমণের বিরুদ্ধে নিজের শক্তি কাজে লাগিয়ে দুর্দান্ত ইনিংস। গায়ের জোর নয়, টাইমিং এবং প্লেসিং দিয়েই বাজিমাত। পাওয়া প্লেতে ৯টি চার মারেন। সঞ্জুর কন্ট্রোল এবং ম্যাচ সতর্কতায় চিপকে ছয় ম্যাচের গেরো কাটিয়ে জয়ে ফেরে চেন্নাই।

চেন্নাইকে নিজের দ্বিতীয় বাড়ির অ্যাখ্যা দিয়েছিলেন স্যামসন। সেখানে প্রথম তিন ম্যাচের ব্যর্থতায় তাঁর ওপর চাপ সৃষ্টি হয়। কিন্তু তার প্রভাব পড়তে দেননি। সিএসকের বোলিং কোচ এরিক সিমন্স জানান, ঠাণ্ডা মাথার নিরিখে এমএস ধোনির পরেই সঞ্জু। তিনি বলেন, 'আমি এমএস ধোনির সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। আমার দেখা ঠাণ্ডা মাথার ক্রিকেটারদের মধ্যে অন্যতম। সঞ্জু খুব বেশি পিছিয়ে নেই। কোনও প্যানিক নেই। অতিরিক্ত প্র্যাকটিস করার প্রবণতা নেই। এই ক্লাসের একজন প্লেয়ারের জন্য খারাপ ফর্ম অস্থায়ী। নিজের প্রতি আত্মবিশ্বাস তুঙ্গে। আমাদের কাজ ওর ওপর আস্থা রাখা।'

টি-২০ বিশ্বকাপে প্রথমে দলে সুযোগ পাননি। জিম্বাবোয়ে ম্যাচ থেকে দলে ফেরেন। পরপর দু'বার ম্যাচের সেরা হন। রাজস্থান থেকে চেন্নাইয়ে আসার পর প্রত্যাশার চাপ ছিল তাঁর ওপর। রবীন্দ্র জাদেজাকে ছেড়ে সঞ্জুকে নেওয়া হয়। সেই আস্থার ভরসা রাখেন তারকা উইকেটকিপার ব্যাটার। শতরানের পর সঞ্জু বলেন, 'আমার ওপর চেন্নাই যে আস্থা দেখিয়েছে, তার মর্যাদা রাখতে হত। নতুন ফ্রাঞ্চাইজিতে শুরু করা সহজ নয়। তবে এখানে আমার সেটা মনে হয়নি। এটা আমার দ্বিতীয় বাড়ির মতো। আমার জীবনে প্রচুর ব্যর্থতা এসেছে। তবে ব্যর্থতাই প্রত্যাবর্তনের পথ দেখায়।' মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে চেন্নাই। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন সঞ্জু?