আজকাল ওয়েবডেস্ক: বড় স্বস্তি আরসিবি শিবিরে। চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন তারকা পেসার জস হ্যাজলেউড। ৫ এপ্রিল রবিবার ঘরের মাঠ চিন্নাস্বামীতে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি নামবে চেন্নাইয়ের বিরুদ্ধে। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খুব দ্রুত মাঠে ফিরবেন অজি পেসার হ্যাজলেউড। নেটে একঘণ্টা বোলিং করতে দেখা গিয়েছে অজি পেসারকে।
সূত্রের খবর, সুস্থ হয়ে উঠেছেন হ্যাজলেউড। চেন্নাই ম্যাচে তাঁকে প্রথম একাদশে দেখা যেতে পারে। যদিও হ্যাজলেউডকে নিয়ে এখনও তাড়াহুড়ো করতে চাইছে না আরসিবি। তাই রবিবারের ম্যাচে যদিও বা তাঁকে না খেলানো হয়, তাহলে আগামী ১০ এপ্রিল গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হ্যাজলেউডের খেলা প্রায় নিশ্চিত।
এদিকে, বোলারদের চোট সমস্যায় ফেলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। হর্ষিত রানা তো চোটের জন্য ছিটকেই গিয়েছেন আইপিএল থেকে। শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানাও এখনও মাঠে নামতে পারেননি। তবে একটি সুখবর রয়েছে।
চলতি আইপিএলের প্রথম দুটি ম্যাচই হেরেছে নাইটরা। এই অবস্থায় শ্রীলঙ্কান পেসার পাথিরানা সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বোলিংয়ের একটি ভিডিও পোস্ট করে পাথিরানা লিখেছেন, ‘লক্ষ্যে প্রায় পৌঁছে গেছি।’
টি–২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচে চোট পেয়েছিলেন পাথিরানা। তারপর থেকেই সুস্থ হওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। গত বছরের মিনি নিলামে পাথিরানাকে ১৮ কোটিতে কিনেছিল কেকেআর। কিন্তু তাঁর সার্ভিস এখনও পাওয়া যায়নি। হ্যামস্ট্রিংয়ের চোট ভোগাচ্ছে। তবে এখন নেটে বোলিং শুরু করেছেন পাথিরানা। সূত্রের খবর, এপ্রিলের মাঝামাঝি নাগাদ নাইট শিবিরে যোগ দিতে পারেন পাথিরানা।
আপাতত শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন পাথিরানা। শ্রীলঙ্কা বোর্ডের ফিটনেসের অপেক্ষায় রয়েছেন। শ্রীলঙ্কা বোর্ড আগেই জানিয়ে দিয়েছে, চোট পাওয়া ক্রিকেটাররা ফিটনেস পরীক্ষায় পাস না করলে আইপিএলে যোগ দিতে পারবেন না। নাইট রাইডার্স কর্তৃপক্ষ মনে করছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফিটনেস ক্লিয়ারেন্স পেয়ে যাবেন পাথিরানা।
















