আজকাল ওয়েবডেস্ক: ভারত এবং অস্ট্রেলিয়া-দুই দেশ থেকেই নাগরিকত্বের প্রস্তাব পেয়েছিলেন বর্তমান আফগান স্পিনার রশিদ খান। কিন্তু তিনি সাফ জানিয়ে দিলেন, দুই দেশ থেকেই নাগরিকত্বের প্রস্তাব পেলেও সেগুলি প্রত্যাখ্যান করেছেন তিনি।

নিজের দেশ আফগানিস্তানের হয়ে খেলার প্রতিশ্রুতিতেই অটল থাকার সিদ্ধান্ত নিয়েছেন রশিদ। নিজের বই Rashid Khan: From Streets to Stardom-এ এই তথ্য প্রকাশ করেছেন রশিদ।

বইয়ে তিনি ২০২৩ সালের আইপিএল চলাকালীন একটি ঘটনার কথা উল্লেখ করেন। এক ফ্র্যাঞ্চাইজির কর্ণধার তাঁকে জানান, ভারতীয় ক্রিকেটের এক ‘প্রভাবশালী ব্যক্তি’ তাঁর সঙ্গে দেখা করতে চান।

সেই সাক্ষাৎকারের অভিজ্ঞতা তুলে ধরে রশিদ বলেন, ‘আমি গিয়ে তাঁকে শুভেচ্ছা জানাই। কথা বলতে বলতে তিনি বলেন, ‘তোমার দেশের পরিস্থিতি খুব খারাপ। ভারতে চলে এসো, এখানে থাকো, আমরা তোমাকে ভারতীয় নাগরিকত্ব দেব, এখানে ক্রিকেট খেলো।’ তাঁর কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। কী বলব বুঝতে পারছিলাম না। তবে হেসে বলেছিলাম, ‘অনেক ধন্যবাদ, কিন্তু আমি আমার দেশ আফগানিস্তানের হয়ে খেলতে চাই।’

রশিদ আরও জানান, এই ধরনের প্রস্তাব শুধু একটি দেশ থেকেই আসেনি। তিনি বলেন, ‘আমি ভারত ও অস্ট্রেলিয়া দুই দেশ থেকেই এই ধরনের প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি বলেছি, ‘যদি আমি আমার দেশের হয়ে না খেলি, তাহলে অন্য কোনও দেশের হয়েও খেলব না।’

নিজের দেশের প্রতি অটুট আনুগত্যের কথা তুলে ধরেছেন তিনি। ২৫ বছর বয়সি এই স্পিনার ২০১৮ সালের একটি ঘটনার কথাও লিখেছেন তাঁর বইতে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো পারফরম্যান্স করেছিলেন।

সেই সময় সোশ্যাল মিডিয়ায় তাঁকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার দাবিতে বহু পোস্ট দেখা গিয়েছিল। যা তাঁর জনপ্রিয়তারই প্রমাণ। অন্যদিকে, মাঠের বাইরেও সম্প্রতি এক সুখবর ভাগ করে নিয়েছেন রশিদ।

সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে তিনি তাঁর পুত্রসন্তানের জন্মের খবর জানিয়েছেন। সন্তানের নাম ‘আজলান’ রেখেছেন আফগান তারকা। রশিদ নিজের পোস্টে একটি ছবি শেয়ার করে সেখানে লিখেছেন, ‘Hello World, My Name is Azlan Khan।’

ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট রাজপুত্রকে পৃথিবীতে স্বাগতম।’ সকলের কাছে তাঁর পরিবারের জন্য প্রার্থনা করার অনুরোধ জানান তিনি। রশিদের এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। আফগান স্পিনারকে শুভেচ্ছায় ভরিয়ে দেন নেটিজেনরা।