আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব কিংসকে প্রথম হার উপহার দিয়েছে রাজস্থান রয়্যালস। মুল্লানপুরে ২৩৩ রান তাড়া করে জিতে যায়। নতুন নায়ক পায় রাজস্থান। ২৬ বলে ৫২ রানে অপরাজিত থেকে দলের বৈতরণী পার করান দোনোভ্যান ফেরেরা। শিমরন হেটমেয়ারের অনুপস্থিতিতে সুযোগ কাজে লাগান প্রোটিয়া ক্রিকেটার। তাঁকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছিল। আস্থার মান রাখেন। ডেথ ওভারে অর্শদীপ সিং এবং লকি ফার্গুসনের বিরুদ্ধে মারমুখী মেজেজে পাওয়া যায়। ম্যাচ শেষে একটি ভিডিও পোস্ট করে রাজস্থান রয়্যালস। সেখানে ম্যাচ জেতানো ইনিংসের পর ফেরেরাকে সলমন খানের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। 

আচমকা ভাইজানের কাছে কেন ক্ষমা চাইলেন রাজস্থানের বিদেশি তারকা? ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক কী? ১২ বছর আগে সলমন খানের করা একটি পোস্টে মন্তব্য করেন ফেরেরা। ভিডিওতে প্রোটিয়া তারকাকে বলতে শোনা যায়, 'সরি ভাই, আজ নয়।' আসল পোস্ট ২০১৪ সালে করা হয়। পাঞ্জাবের কোয়ালিফায়ার ওয়ানের সময় সলমন পোস্ট করেন, 'জিন্টার দল কি জিতেছে?' সেবার কেকেআরের কাছে হেরে গিয়েছিল পাঞ্জাব। প্রীতি জিন্টার দল খেললেই, এই পোস্ট মাঝেমধ্যে ভেসে ওঠে। এদিন তারই উত্তর দেন দোনোভ্যান। 

২২৩ রান তাড়া করতে নেমে, শেষ ছয় ওভারে ৭১ রান প্রয়োজন ছিল। শুভম দুবেকে সঙ্গে নিয়ে দলকে জয়ে পৌঁছে দেন। যুজবেন্দ্র চাহাল শুরুতে তিন উইকেট তুলে নিলেও, এই জুটি রাজস্থানকে জয়ে পৌঁছে দেয়। যার ফলে থামে পাঞ্জাবের অশ্বমেধের ঘোড়া। চলতি আইপিএলে প্রথম হার শ্রেয়সদের।