আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে সবচেয়ে বিতর্কিত মুহূর্তের সাক্ষী থাকল লখনউয়ের একানা স্টেডিয়াম। রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অঙ্গকৃষ রঘুবংশীর আউট নিয়ে তর্কবিতর্ক চলবে। নড়বড়ে শুরুর পর ইনিংসে স্থায়িত্ব আনার চেষ্টা করেন অঙ্গকৃষ। কিন্তু অদ্ভুতভাবে তাঁকে আউট দেওয়া হয়। ফিল্ডে বাধা দেওয়ার দোষে তাঁকে আউট দেয় তৃতীয় আম্পায়ার।ঘটনাটি ঠিক কী ঘটেছিল? প্রিন্স যাদবের বল মিড অনে খেলে রান নিতে ছোটেন অঙ্গকৃষ। কিন্তু মাঝপথে তাঁকে ফেরত পাঠান গ্রিন। উইকেটের সোজাসুজি ফেরার চেষ্টা করেন। ক্রিজে পৌঁছতে ডাইভ মারেন। কিন্তু সামির থ্রোয়ের মাঝে চলে আসেন। আপেক্ষিক দৃষ্টিতে দেখে মনে হয়, দিক পরিবর্তন করে বোলারের থ্রোয়ের লাইনে আসেননি অঙ্গকৃষ। কিন্তু আবেদন করে লখনউ। তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়া হয়। আউট দেন। সিদ্ধান্তে একেবারেই খুশি ছিলেন না রঘুবংশী। 

এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি কেকেআর শিবিরও। ডাগ আউটে অবাক হয়ে যান শেন ওয়াটসন, টিম সাউদিরা। চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন অভিষেক নায়ার। মাঠ ছেড়ে প্যাভিলিয়নে ফেরার সময় অসন্তোষ প্রকাশ করেন অঙ্গকৃষ। ব্যাট এবং হেলমেট ছুঁড়ে ফেলেন। আইপিএলের ইতিহাসে এইধরনের আউট চতুর্থবার। তাও আবার এমন গুরুত্বপূর্ণ সময়। অল্প রানের মধ্যে ৪ উইকেট হারায় নাইটরা। ২০১৩ সালে প্রথমবার পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে কেকেআরে খেলাকালীন এমন আউট হন ইউসুফ পাঠান। এছাড়াও ২০১৯ আইপিএলে দিল্লির হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আউট হন অমিত মিশ্র। ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একইভাবে আউট হন রবীন্দ্র জাদেজা। চাপে থেকেই এদিন নেমেছিল দুই দল। টেবিলের লাস্ট বয় এবং সেকেন্ড লাস্ট বয়। সাত ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জেতে লখনউ। সমসংখ্যক ম্যাচে মাত্র একটি জয় ছিল নাইটদের।