আজকাল ওয়েবডেস্ক: জিম্বাবোয়ের তারকা পেসার ব্লেসিং মুজারাবানিকে দু’বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তাঁর এজেন্সি। পাকিস্তান সুপার লিগের এই পদক্ষেপের বিরুদ্ধে মুজারাবানির এজেন্সির দাবি, ব্লেসিং মুজারাবানি কখনও কোনও চুক্তিতে আনুষ্ঠানিক ভাবে সই করেননি। ফলে, শুধুমাত্র মৌখিক কথোপকথন থেকে চুক্তিভঙ্গের কোনও অভিযোগ প্রকাশ্যে আনা উচিত নয়।
উল্লেখ্য, মুজারাবানিকে প্রথমে পিএসএলে প্রায় ১ কোটি ১০ লক্ষ পাকিস্তানি রুপির (প্রায় ৩৭.৪ লক্ষ টাকা) চুক্তিতে দলে নেওয়া হয়েছিল। কিন্তু পরে তিনি পাকিস্তান সুপার লিগ থেকে সরে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেন মুস্তাফিজুর রহমানের পরিবর্তে। এর জেরেই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় পিএসএল কর্তৃপক্ষ।
তবে মুজারাবানির এজেন্সি ওয়ার্ল্ড স্পোর্টস এক্সচেঞ্জ স্পষ্ট জানিয়েছে, কোনও চুক্তি ছাড়া চুক্তিভঙ্গের অভিযোগ আনা যুক্তিসঙ্গত নয়।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘গত ছয় সপ্তাহ ধরে আমরা প্রকাশ্যে চুপ ছিলাম, কারণ আমরা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে চাইনি। কিন্তু একজন ক্রিকেটারের বিরুদ্ধে যে পরিমাণ অযৌক্তিক ও আপত্তিকর সমালোচনা হয়েছে, তার জবাব দিতে বাধ্য হয়েছি।’
এজেন্সির দাবি, ইসলামাবাদ ইউনাইটেড মুজারাবানির সঙ্গে পিএসএলে খেলার বিষয়ে প্রাথমিকভাবে যোগাযোগ করেছিল। জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের ‘নো অবজেকশন সার্টিফিকেট’-এর শর্তাবলীতেও সম্মতি দিয়েছিল তারা।
তবে এজেন্সি জানিয়েছে, কোনও আনুষ্ঠানিক চুক্তি ছাড়া এনওসি পাওয়া সম্ভব নয়। তবে সেই চুক্তি নাকি দেওয়াই হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, ‘পিএসএল থেকে চুক্তি ছাড়া এনওসি পাওয়া যায় না।’ যদিও তার মধ্যেই লিগ এবং ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ায় তাঁর সইয়ের ঘোষণা করে দেয়।
এজেন্সির আরও অভিযোগ, ঘোষণার দু’সপ্তাহ পরেও কোনও চুক্তিপত্র দেওয়া হয়নি। বিবৃতিতে জানানো হয়, ‘পিএসএল বা ইসলামাবাদ ইউনাইটেডের পক্ষ থেকে কোনও চুক্তিই হাতে আসেনি তখন।’ জানা যায়, এরপরই কলকাতা নাইট রাইডার্সের তরফে ব্লেসিংয়ের কাছে প্রস্তাব আসে এবং দুই পক্ষের চুক্তি সম্পন্ন হয়। শেষে নিজেদের অবস্থান স্পষ্ট করে মুজারাবানির এজেন্সি জানায়, ‘যে চুক্তি কখনও হাতেই আসেনি, তা ভঙ্গ করার প্রশ্নই ওঠে না।’
উল্লেখ্য, আগামী দু’বছরের জন্য জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে ব্যান করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বর্তমানে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন মুজারাবানি।
মঙ্গলবারই খবর মিলেছে তাঁকে আগামী দু’বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে পিএসএল থেকে। জানা গিয়েছে, আইপিএলে সুযোগ পেয়ে শেষ মুহূর্তে পাকিস্তান সুপার লিগ খেলার সিদ্ধান্ত বদল করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, জিম্বাবোয়ের এই পেসার পাকিস্তান সুপার লিগে খেলার জন্য প্রাথমিক শর্তাবলি স্পষ্টভাবে মেনে নেওয়ার পরও নিজের দায়িত্ব পালন করেননি।
বিবৃতিতে বলা হয়, ‘এই ক্ষেত্রে স্পষ্ট প্রস্তাব এবং মৌলিক শর্তাবলিতে সম্মতির পরও ওই ক্রিকেটার পরবর্তীতে অন্য একটি চুক্তির স্বার্থে সেই দায়বদ্ধতাকে উপেক্ষা করেছে।















