আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলে অজিঙ্ক রাহানের অনেক কিছু প্রমাণ করার আছে। দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াকে ভুল প্রমাণ করতে হবে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেকে। 

আকাশ চোপড়া কেকেআর অধিনায়কের সম্পর্কে সামোলাচনা করেছিলেন। এবারের টুর্নামেন্টে আকাশকে ভুল প্রমাণিত করতে হবে রাহানেকে। 

গতবারের মেগা টুর্নামেন্টে রাহানের নেতৃত্বে কেকেআর ব্যর্থ হন। ১২টি ইনিংসে ৩৯০ রান করেন রাহানে। ব্যাটে রান পেলেও সমালোচিত হন নাইট তারকা। 

ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া নাইট তারকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন পাওয়ারপ্লের পরে রাহানের কার্যকারিতা থাকে না। পাওয়ারপ্লের পরে আর ঝোড়ো গতিতে রান তুলতে পারেন না রাহানে। 

আকাশ চোপড়া বলেন, ''সুযোগ আছে অনেক। রাহানের সমালোচনা আমি করেছিলাম। বলেছিলাম পাওয়ারপ্লের পরে রাহানের ভূমিকা সীমিত। তবে তুমি এবার আমাকে ভুল প্রমাণিত কর।'' 

আকাশ চোপড়া আরও বলেন, ''রাহানের সামনেও এটা বড় সুযোগ। শুধুমাত্র আমাকে ভুল প্রমাণ করতে হবে না। ও শুধু শুধুই বা কেন সমালোচিত হবে? পাওয়ারপ্লে চলাকালীন বা পাওয়ারপ্লের পরে যদি রান পায়, তাহলে ওর সামনে বড় সুযোগ।'' 

এদিকে কেকেআর-এর উপরে গৌতম গম্ভীরের প্রভাব রয়েছে বলে চর্চা রয়েছে। কেউ কেউ বলেছেন, গম্ভীর না থাকায় ফ্র্যাঞ্চাইজিও সাফল্য পাচ্ছে না। আকাশ চোপড়া মনে করছেন, যে চর্চা চলে আসছে, তা ভুল প্রমাণ করার  সুযোগ রয়েছে রাহানের সামনে। ট্রফি জিতে কেকেআর এবং রাহানে সবাইকে ভুল প্রমাণ করুক। 

রিঙ্কু সিংকে ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে। সেই প্রসঙ্গে আকাশ চোপড়া বলছেন, ''রিঙ্কু সিং ভাইস ক্যাপ্টেন। পরবর্তী মরশুমগুলোতে হয়তো রিঙ্কু সিংকে ক্যাপ্টেনও বানিয়ে দেবে কেকেআর। ফলে সামনের দিকে তাকিয়ে ওর বড় ভূমিকা রয়েছে। ওকে বেশিরভাগ সময়ে ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামতে হয়েছে। ওকে ব্যাটিং অর্ডারে একটু উপরের দিকে পাঠানো উচিত। তাহলে ও আরও ভাল করতে পারবে।''