আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরুর আগে সানরাইজার্স হায়দরাবাদের জন্য সুখবর। কোটিপতি লিগের মাঝপথে ফিরতে পারেন প্যাট কামিন্স। নিজের পিঠের চোট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিলেন অস্ট্রেলিয়ান তারকা। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন ঈশান কিষাণ। তরুণ অধিনায়কের জন্য শুভেচ্ছা জানান। কামিন্স জানান, তিনি বোলিং শুরু করে দিয়েছেন। রিহ্যাব চলছে। কামিন্স বলেন, 'আমি পিঠের চোট সারানোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন ভাল আছি। আমি নেটে বল করা শুরু করে দিয়েছি।'
এই বার্তার মাধ্যমে বুঝিয়ে দেন, আইপিএলে ফেরার পরিকল্পনা করছেন। জানান, লিগের প্রথম পর্বে পাওয়া যাবে না তাঁকে। তবে সময় মতো প্রত্যাবর্তন করার বিষয়ে আশাবাদী। কামিন্স বলেন, 'আইপিএল শীঘ্রই শুরু হবে। আমি শুরুতে নেই। তবে আশা করছি মাঝপথে ফিরতে পারব। আমি বল করতে শুরু করেছি। বর্তমানে প্রতি তিনদিন অন্তর বল করছি। আমরা একটা পরিকল্পনা করে এগোচ্ছি। যাতে টুর্নামেন্টের মাঝপথে ফিরতে পারি। সবকিছু ঠিকঠাক চললে, আমি শেষদিকে এবং ফাইনালে খেলব।' চোটের জন্য টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। অ্যাশেজে মাত্র একটি টেস্ট খেলেন। এবার সম্পূর্ণ ফিট হয়ে আইপিএলে মাঠে ফিরতে চান।
কামিন্সের অনুপস্থিতিতে সানরাইজার্সকে নেতৃত্ব দেবেন ঈশান কিষাণ। এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করেন। কামিন্স বলেন, 'গত বছর ঘরোয়া ক্রিকেটে ভাল নেতৃত্ব দেন ঈশান কিষাণ। সাফল্য পায়।' গতবছর ঝাড়খণ্ডকে নেতৃত্ব দেন উইকেটকিপার ব্যাটার। অজি তারকার আশা, ঈশানের নেতৃত্বে সফল হবে হায়দরাবাদ। ২০১৬ সালে শেষবার আইপিএল জেতে সানরাইজার্স। শনিবার আরসিবির বিরুদ্ধে অভিযান শুরু করবে হায়দরাবাদ।















