আজকাল ওয়েবডেস্ক: আশা আশঙ্কার দোলাচল চলছিল। কেকেআর ম্যাচের আগে ধোনির প্রত্যাবর্তন নিয়ে বড় প্রশ্নচিহ্ন ছিল। মনে করা হচ্ছিল, নাইটদের বিরুদ্ধে ফিরতে পারেন এমএসধোনি। কিন্তু মাহি ভক্তদের জন্য খারাপ খবর। মঙ্গলবারের ম্যাচেও নেই ধোনি। বিশ্বজয়ী তারকাকে বাইশ গজে দেখতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে ফ্যানদের। নাইটদের বিরুদ্ধে অপরিবর্তিত দল চেন্নাই সুপার কিংসের। হারের হ্যাটট্রিকের পর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জেতে সিএসকে। উইনিং কম্বিনেশন ভাঙেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। এদিন টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান অজিঙ্ক রাহানে। নাইট দলে একটি পরিবর্তন। নবদীপ সাইনির জায়গায় দলে ফেরেন বরুণ চক্রবর্তী। চিপকে সাহায্য পায় স্পিনাররা। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর স্পিন জুটিতে চেন্নাইকে অল্প রানের মধ্যে বেঁধে রাখতে চাইবে নাইটরা। 

এর আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রত্যাবর্তনের একটা আশা ছিল ধোনির। সেই ম্যাচে ফেরার কথা ছিল ডেওয়াল্ড ব্রেভিসেরও। একটি রিপোর্টে জানানো হয়, দুই দিনের মধ্যে ফিটনেস টেস্টে হবে ধোনির। সেটা পাস করতে পারলে দিল্লির বিরুদ্ধে খেলবেন। কিন্তু ফিটনেস পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি। কাফ মাসেলে চোটের জন্য প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি। একাধিক প্র্যাকটিস সেশনে যোগ দেননি। প্রোটোকল অনুযায়ী, দলের সঙ্গে বাইরের ম্যাচেও যাননি। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে ধোনিকে নেটে ব্যাট করতে দেখা যাচ্ছে। তবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনও তড়িঘড়ি করা হবে না। সম্পূর্ণ ফিট হওয়ার পরই মাঠে ফিরবেন ধোনি। এদিনও উইকেটের পেছনে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। তবে তার আগে কেরলের উইকেটকিপার ব্যাটারের থেকে বড় রানের আশায় থাকবে চেন্নাই।