আজকাল ওয়েবডেস্ক: হারের হ্যাটট্রিকের পর চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় চার ম্যাচে এক পয়েন্ট নাইটদের। মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের আঁতুড়ঘরে ম্যাচ। তারওপর চোট সারিয়ে মাঠে ফিরতে পারেন এমএস ধোনি। মঙ্গল সন্ধেয় ক্রিকেটভক্তদের নজর থাকবে চিপকে। প্রত্যাবর্তনেই কি পুরো ম্যাচ খেলবেন ক্যাপ্টেন কুল? চেন্নাইকে বড় পরামর্শ মুম্বই ইন্ডিয়ান্সের তিনবারের চ্যাম্পিয়নের। কেকেআরের বিরুদ্ধে ধোনিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখতে চান মিচেল ম্যাকগ্লেনাগেন। উইকেটের পেছনে ফিরতে চাইলেও, এখনও সম্পূর্ণ ফিট নন। মুম্বইয়ের প্রাক্তন তারকা মনে করেন, প্রয়োজনে শেষের দিকে ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন ধোনি। 

ম্যাকগ্লেনাগেন বলেন, 'এমএস ধোনি ফিট থাকলে, সিএসকের উচিত ওকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো। যদি টিম ম্যানেজমেন্ট ওর থেকে ক্যামিও চায়, বিশেষ করে যখন দল রান তাড়া করছে। সেক্ষেত্রে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলালে লাভবান হবে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেললে, খুব বেশি দৌড়তে হবে না। শুধু মাঠে নেমে চার, ছয় মারতে হবে। ফিনিশারের ভূমিকা পালন করতে হবে। বড় রান তাড়া করতে নেমে ওর আগ্রাসী ব্যাটিং দলের কাজে লাগবে। ধোনিকে পুরোপুরি ছন্দে ফেরানোর এটাই আদর্শ প্রক্রিয়া। ওর প্রত্যাবর্তন সিএসকের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করবে।'

আইপিএলে এখনও পর্যন্ত কোনওদিন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেননি ধোনি। কোটিপতি টুর্নামেন্টের শুরুতে চেন্নাইয়ের কর্তৃপক্ষ জানিয়ে দেয়, চোটের জন্য দু'সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় চেন্নাই শিবির। প্রথম তিন ম্যাচে হারের পর দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে প্রথম জয়ের স্বাদ পায় চেন্নাই। হলুদ জার্সিতে প্রথম শতরান করেন সঞ্জু স্যামসন। নাইটদের বিরুদ্ধেও উইকেটের পেছনে তাঁকেই দেখা যাবে। উইনিং কম্বিনেশন ধরে রাখবে চেন্নাই। এদিন ধোনির প্রত্যাবর্তনে দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামবে সিএসকে।