আজকাল ওয়েবডেস্ক: হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি রোহিত শর্মা। আরসিবি ম্যাচে চোটটা পেয়েছিলেন রোহিত। পাঞ্জাব ম্যাচ শেষে মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে বলেছেন, ‘রোহিতকে নিয়ে তাড়াহুড়ো করছি না। অনুশীলনে সবে দৌড়তে শুরু করেছে। প্রতিদিন ওর চোটের বিষয়টি দেখা হবে। রোহিতই সবচেয়ে ভাল বুঝবে ওর শরীরের বিষয়টা। চিন্তার অত কারণ নেই। তবে আমরা তাড়াহুড়োও করতে চাই না।’
এদিকে, দলের এই টানা ব্যর্থতার জন্য কোনও একজনকে নয়, গোটা দলকেই দায়ী করেছেন কোচ জয়বর্ধনে। তাঁর কথায়, ‘দলের প্রত্যেককে এর দায় নিতে হবে। কোনও একজনকে দায়ী করলে হবে না। আমারও সমান দায় রয়েছে। এর থেকে বেরিয়ে আসার জন্য সবাইকেই চেষ্টা করতে হবে।’
তবে জয়বর্ধনে দাবি করেছেন, মুম্বই ভাল ক্রিকেট খেলছে। তবে আরও নিখুঁত হতে হবে তাদের। তাঁর কথায়, ‘জানি আমরা ভাল খেলছি। কিন্তু আরও নিখুঁত হতে হবে। বিপক্ষ দলগুলো এখানেই বেরিয়ে যাচ্ছে। ক্রিকেটাররা আত্মবিশ্বাসী রয়েছে। কিন্তু ছোটখাট ভুলগুলো সমস্যা তৈরি করছে। এটার সমাধান করতে হবে।’
প্রসঙ্গত, পয়েন্ট টেবিলে নয় নম্বরে রয়েছেন হার্দিকরা। সূত্রের খবর, আইপিএল শেষে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে পারে মুম্বই ফ্রাঞ্চাইজি। ছেড়ে দেওয়া হতে পারে শার্দূল ঠাকুর, দীপক চাহার, মায়াঙ্ক মার্কান্ডদের।
শার্দূল উইকেট নিলেও প্রচুর রান দিচ্ছেন। দীপক চাহারও প্রত্যাশা পূরণে ব্যর্থ। একই কথা প্রযোজ্য মায়াঙ্ক মার্কান্ডের ক্ষেত্রেও।
সূত্রের খবর, এই তিন ক্রিকেটারকেই চলতি আইপিএলের পর ছেড়ে দেওয়া হতে পারে। ২০২৭ আইপিএলের আগে নিলামে এই তিন ক্রিকেটারের পরিবর্তে ভাল বোলার নেওয়ার চেষ্টা করবে মুম্বই ইন্ডিয়ান্স।
অন্যদিকে, আইপিএলে টিকিটের কালোবাজারি। আইপিএল শুরুর পর থেকেই আরসিবির ঘরের মাঠ চিন্নাস্বামীতে টিকিটের কালোবাজারির অভিযোগ উঠছিল। পুলিশ তৎপর হতেই এল সাফল্য। টিকিটের কালোবাজারি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন চিন্নাস্বামী স্টেডিয়ামের এক ক্যান্টিন কর্মী। নাম জড়িয়েছে কর্নাটক ক্রিকেট সংস্থার এক সদস্যেরও। তিনি অবশ্য পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।















