আজকাল ওয়েবডেস্ক:‌ হারের হ্যাটট্রিকের পর ঘুরে দাঁড়াচ্ছে চেন্নাই সুপার কিংস। পরপর দুটি জয় অক্সিজেন জুগিয়েছে সঞ্জু স্যামসনদের। 


প্রথমে দিল্লি ক্যাপিটালস, পরে কলকাতা নাইট রাইডার্স। টানা দুটি জয় আত্মবিশ্বাস জোগাচ্ছে সিএসকে’‌কে। তবে চেন্নাই ভক্তরা তাকিয়ে রয়েছেন কবে ধোনি মাঠে নামবেন। চোটের জন্য এখনও মাঠে নামেননি ধোনি। প্রথমে জানা গিয়েছিল, চোটের জন্য প্রথম দু’‌সপ্তাহ খেলতে পারবেন না ধোনি। তারপর জানা যায়, সম্ভবত কলকাতা ম্যাচে তিনি খেলবেন। কিন্তু সেই ম্যাচেই দেখা যায়নি ধোনিকে।


চেন্নাইয়ের পরের ম্যাচ ১৮ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধোনি প্রায় সুস্থ। বৃহস্পতিবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ওই রিপোর্টে বলা হয়েছে, ‘‌বৃহস্পতিবার সকালে সিদ্ধান্ত নেওয়া হবে ধোনি হায়দরাবাদ যাবেন কিনা।’‌ 

এদিকে, চিপকে ফের ব্যাটিং বিপর্যয়। পাঁচে চার হার। চেন্নাই কিংসের সামনে মুখ থুবড়ে পড়ল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে এখনও জয়ের খাতা খুলতে ব্যর্থ নাইটরা। পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পায় কেকেআর। চলতি আইপিএলের একমাত্র দল হিসেবে জয় অধরা অজিঙ্ক রাহানেদের। টেবিলের তলানিতে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। নির্ধারিত ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানে থামে কেকেআরের ইনিংস। ৩২ রানে হার। অন্যদিকে হারের হ্যাটট্রিকের পর জোড়া জয় চেন্নাইয়ের। এই প্রথম মেগা নিলামে একাধিক তারকা বিদেশিকে নেয় কেকেআর। রয়েছেন দুই বিধ্বংসী ওপেনিং ব্যাটার ফিন অ্যালেন এবং টিম সেইফার্ট। রয়েছেন আরেক কিউয়ি তারকা রাচিন রবীন্দ্র। এছাড়াও আছেন ক্যামেরুন গ্রিন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি। কিন্তু নিটফল শূন্য। তারকাখচিত ব্যাটিং লাইন আপ সত্ত্বেও, হার সেই ব্যাটিং বিপর্যয়ে। পাঁচ ম্যাচ হয়ে যাওয়া সত্ত্বেও সঠিক টিম কম্বিনেশন খুঁজতে ব্যর্থ নাইটদের টিম ম্যানেজমেন্ট। তারকাখচিত কোচিং স্টাফ। রয়েছেন শেন ওয়াটসন, ডোয়েন ব্রাভো, আন্দ্রে রাসেল, টিম সাউদি। হেড কোচ অভিষেক নায়ার। এরপরও শুরুতেই টানা চার হার। অতি সন্ন্যাসীতে কি গাজন নষ্ট?