আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের জন্য খারাপ খবর। এমএস ধোনির মাঠে ফেরা নিয়ে বাড়ল চিন্তা। এখনও সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেননি পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক। আশা করা গিয়েছিল, শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে ফিরবেন ধোনি। কিন্তু সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, কাফ মাসেলে চোটের শুশ্রুষা চলছে ধোনির। দিল্লি ম্যাচের আগে ফিট হয়ে মাঠে ফেরার সম্ভাবনা নেই। ৪৪ বছরের তারকা ক্রিকেটারের মাঠে ফিরতে আরও এক সপ্তাহ লেগে যাবে। যার ফলে আরও দুটো ম্যাচে নেই ধোনি। চিপকে দিল্লি ক্যাপিটলস এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরের দু'ম্যাচ সিএসকের। প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা নেই ধোনির। কেকেআর ম্যাচে অনিশ্চিত।
আইপিএলের শুরুতেই হারের হ্যাটট্রিক চেন্নাইয়ের। প্রথম তিন ম্যাচে হার ঋতুরাজ গায়কোয়াড়দের। ধোনির প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিল সিএসকে। অ্যাওয়ে ম্যাচে দলের সঙ্গে না গিয়ে চেন্নাইয়ে রিহ্যাবের জন্য থেকে যান ধোনি। গুয়াহাটি এবং বেঙ্গালুরুতে যাননি। পাঞ্জাবের বিরুদ্ধে চেন্নাইয়ের হোম ম্যাচে ধোনিকে দেখা যায়নি। তারপরই জল্পনা বাড়ে। রিপোর্টে বলা হয়েছে, একজন ফিজিও এবং ম্যাসিওরের সঙ্গে রিহ্যাব সারছেন ক্যাপ্টেন কুল। হালকা ট্রেনিংও শুরু করে দিয়েছেন। নেটে ব্যাটও করেন। কিন্তু ম্যাচ ফিটনেস নেই। ধোনি যে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে, সেটা বুঝিয়ে দেন চেন্নাইয়ের সিইও। কাশী বিশ্বনাথন বলেন, 'এমএস রিহ্যাবের মধ্যে দিয়ে যাচ্ছে। সময় লাগবে। তবে ঠিক বলা যাচ্ছে না কত সময় লাগবে।'
ধোনির অনুপস্থিতিতে খুবই খারাপ শুরু চেন্নাইয়ের। টানা তিন ম্যাচে হার। এর আগে ২০২২ সালে এতটাই খারাপভাবে শুরু করে চেন্নাই। প্রথম চার ম্যাচে হারে। দলে গভীরতা থাকা সত্ত্বেও, সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ারের অনুপস্থিতির একটা প্রভাব দলের ওপর পড়ছে। বিশেষ করে চাপের পরিস্থিতিতে। তবে এমন মনে করছেন না সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার হেনরিচ ক্লাসেন। তাঁর দাবি, মাঠে ধোনির অনুপস্থিতি বিরাট পার্থক্য গড়ে দিচ্ছে না। দাবি, ধোনি ছাড়াও দল সমান শক্তিশালী।
















