আজকাল ওয়েবডেস্ক: এমএস ধোনি ভক্তদের জন্য সুখবর। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ফিরতে পারেন তারকা ক্রিকেটার। এখনও পর্যন্ত ছটি ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। তারমধ্যে চারটে ম্যাচ হেরেছে। চলতি আইপিএলে এখনও হলুদ জার্সিতে দেখা যায়নি ধোনিকে। কাফ মাসেলে চোটের জন্য আইপিএলের প্রথম দুই সপ্তাহ থেকে ছিটকে গিয়েছেন ধোনি। দলের সঙ্গে হায়দরাবাদ গেলেও, স্টেডিয়ামে কোথাও তাঁকে দেখা যায়নি। কিন্তু মঙ্গলবার সিএসকে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে ধোনিকে উইকেটকিপিং করতে দেখা যায়। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে পরের ম্যাচ। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসেছে ধোনি সমর্থকরা। মুম্বই ম্যাচে তাঁর মাঠে ফেরার আশায় ফ্যানরা।
রবিবার চলতি আইপিএলে ধোনির প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী শোনায় চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংকে। এখনও রিহ্যাবে আছেন ক্যাপ্টেন কুল। তবে নেট সেশনে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে কবে সিএসকের হয়ে মাঠে নামবেন, সেই নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। শনিবার সানরাইজার্সের কাছে ১০ রানে হারের পর মাইক হাসি জানান, ধোনি ধীরে ধীরে ফিট হচ্ছে। প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাটিং নিয়ে খুশি তিনি। হাসি বলেন, 'ধোনি রিহ্যাবে সঠিকভাবে এগোচ্ছে। আমি ব্যাটিং কোচ। যেভাবে ব্যাট করছে, তাতে আমি খুশি।'
হাসি দাবি করেন, ধোনি ভাল ব্যাট করছে। তিনি চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়কের ফর্মে খুশি। ফিটনেস এবং দৌড়ানোর গতি বাড়ানোর দিকে ফোকাস করা হচ্ছে। বিশেষ করে রানিং বিটউইন উইকেট। হাসি বলেন, 'ট্রেনিংয়ে ওর ব্যাটিং দেখে খুশি। নিজের ব্যাটিং পজিশন নিয়েও খুশি। ও ইনিংসের শেষদিকে ব্যাট করবে। তাই সিঙ্গল এবং ডবল রানের দিকে নজর দিচ্ছে। শুধু গতিটা বাড়াতে হবে। আমি জানি না ও কবে থেকে খেলতে পারবে। তবে আশা করছি, দ্রুত মাঠে ফিরবে।' মুম্বইয়ের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে, প্রত্যাবর্তন হতে পারে ধোনির।















