আজকাল ওয়েবডেস্ক: হারের হ্যাটট্রিকের মধ্যে চেন্নাই সুপার কিংসের জন্য সুখবর। ফিট হওয়ার পথে এমএস ধোনি এবং ডেওয়াল্ড ব্রেভিস। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরের ম্যাচ চেন্নাই সুপার কিংসের। সেই ম্যাচে পাওয়া যেতে পারে দু'জনকে। একটি রিপোর্ট অনুযায়ী, আগামী দুই দিনের মধ্যে ফিটনেস টেস্টে হবে ধোনির। সেটা পাস করতে পারলে দিল্লির হয়ে খেলবেন। কাফ মাসেলে চোটের জন্য প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি। একাধিক প্র্যাকটিস সেশনে যোগ দেননি। প্রোটোকল অনুযায়ী, দলের সঙ্গে বাইরের ম্যাচেও যাননি। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে ধোনিকে নেটে ব্যাট করতে দেখা যাচ্ছে। তবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনও তড়িঘড়ি করা হবে না। সম্পূর্ণ ফিট হওয়ার পরই মাঠে ফিরবেন ধোনি।

সাইড স্ট্রেনের জন্য চেন্নাইয়ের প্রথম তিনটে ম্যাচে খেলতে পারেননি ডেওয়াল্ড ব্রেভিস। আরসিবি ম্যাচের জন্য বেঙ্গালুরু গিয়েছিল দক্ষিণ আফ্রিকার তারকা, কিন্তু খেলেননি। সিএসকের কোচ স্টিফেন ফ্লেমিং জানান, ব্রেভিস রিকভারির মধ্যে দিয়ে যাচ্ছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবেন। ফ্লেমিং বলেন, 'আশা করছি পরের ম্যাচের আগে ফিট হয়ে যাবে। পরের ম্যাচের আগে হাতে পাঁচদিন সময় আছে। আশা করছি, আমরা পরিকল্পনামাফিক এগোতে পারব। ওর না থাকা বড় ক্ষতি। আশা করছি দ্রুত ফিট হয়ে যাবে।' এর আগে ধোনির ম্যাচে ফেরা নিয়ে মন্তব্য করেন ঋতুরাজ গায়কোয়ারও। চেন্নাইয়ের অধিনায়ক বলেন, 'ও ধীরে ধীরে ফিট হচ্ছে। ও মাঠে ফেরার জন্য মরিয়া। তবে মাঝেমধ্যে একটু সময় লাগে। তবে আশা করছি শীঘ্রই মাঠে ফিরবে।' প্রথম তিন ম্যাচে হেরে বর্তমানে টেবিলের তলানিতে চেন্নাই। দিল্লির বিরুদ্ধে ফিরতে মরিয়া থাকবে সিএসকে।