আজকাল ওয়েবডেস্ক: চোট সারিয়ে মাঠে ফেরার জন্য তৈরি। সম্পূর্ণ ফিট। কিন্ত তাসত্ত্বেও কেন চেন্নাই সুপার কিংসের ম্যাচে দেখা যাচ্ছে না এমএস ধোনিকে? একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, গুজরাট টাইটানস ম্যাচের আগে দলের ভারসাম্য নষ্ট করতে চান না প্রাক্তন অধিনায়ক। টিম কম্বিনেশন ভাঙার পক্ষপাতী নন। গত এক সপ্তাহে দলের সঙ্গে পুরোদমে প্র্যাকটিসে যোগ দিলেও, এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি ধোনি। রিপোর্ট অনুযায়ী, ফিটনেস পরীক্ষায় পাস করে গিয়েছেন ধোনি। কিন্তু দলে একজন তরুণ ক্রিকেটারের জায়গা কাড়তে চান না। একই সঙ্গে শেষ কয়েক ম্যাচে দলের কম্বিনেশনও ভাঙতে চান না। 

চেন্নাইয়ের মিডল অর্ডার এবার এখনও পর্যন্ত ব্যর্থ। সুতরাং, দলে ফেরার সিদ্ধান্ত পুরোটাই নির্ভর করছে ধোনির ওপর। বৃহস্পতিবার চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি জানান, কাফ মাসলের চোট সারিয়ে ধোনি ম্যাচে ফিরলেই উইকেটকিপারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। শুধুমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তাঁকে খেলানো হবে না। চলতি আইপিএলে প্রথম সাত ম্যাচ খেলতে পারেনি ধোনি। ভাবা হয়েছিল, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ফিরবেন। কিন্তু সেটা সম্ভব হয়নি। শোনা যাচ্ছিল, শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম ব্যবহার করা হতে পারে তাঁর ক্ষেত্রে। উইকেটের পেছনে সঞ্জু স্যামসন খেলছেন। বিকল্প হিসেবে রয়েছেন কার্তিক শর্মাও। কিন্তু সেই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেন হাসি। স্পষ্ট জানান, ধোনি মাঠে নামলে, তাঁকে উইকেটের পেছনেই দেখা যাবে । ইমপ্যাক্ট সাপ হিসেবে নয়।

হাসি বলেন, 'আমি নিশ্চিত ও উইকেটকিপিং করবে। দুর্ভাগ্যবশত ওর কাফ মসেলে চোট হয়েছে। ধোনি আজকাল নীচের দিকে ব্যাট করে। তখন নিয়মিত দু-তিন রান নিতে হবে। সেই জায়গায় পৌঁছনো মাত্র ও আবার মাঠে নামবে। তবে উইকেটকিপার হিসেবে ওর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। ও কী করতে পারে আমরা সবাই জানি। ও নেটে ব্যাট করছে। যথেষ্ট ভাল খেলছে। আশা করছি, ও দ্রুত আত্মবিশ্বাস ফিরে পাবে।' বেশ কিছুদিন ধরে ধোনিকে নিয়ে চর্চা চলছে। হাসি জানান, আগের থেকে ভাল অবস্থায় আছে ধোনি। কিন্তু এখনও ম্যাচ ফিট নয়। হাসি বলেন, 'ও উন্নতি করছে। ও দ্রুত মাঠে ফেরার চেষ্টা চালাচ্ছে। জানি ফ্যানরা ওকে দেখার অধীর অপেক্ষায়। আশা করছি, আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আমরাও ওকে দ্রুত মাঠে চাই। তবে নিজের সেরাটা দেওয়ার জন্য ১০০ শতাংশের কাছাকাছি ফিট হতে হবে।' রবিবার গুজরাট টাইটানস ম্যাচেও নেই ধোনি। অপেক্ষা বাড়ে ভক্তদের।