আজকাল ওয়েবডেস্ক:‌ হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন মহেন্দ্র সিং ধোনি?‌ এটা ঘটনা, চোটের জন্য আইপিএলে এখনও মাঠে নামতে পারেননি ধোনি। চেন্নাইয়ের শুরুটাও এবার ভাল হয়নি। হারের হ্যাটট্রিক করে পয়েন্ট টেবিলে সবার নিচে আছে চেন্নাই। 


এই পরিস্থিতিতে চেন্নাই ভক্তদের একটাই প্রশ্ন, কবে মাঠে ফিরবেন ধোনি?‌ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেই ফিরতে পারেন ধোনি। আর সেটা হচ্ছে চেন্নাইয়ের ছয় নম্বর ম্যাচ। অর্থাৎ আগামী আরও দুটো ম্যাচে ধোনিকে ছাড়াই নামতে হবে চেন্নাইকে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, দিল্লি ও কেকেআর ম্যাচেও খেলতে পারবেন না ধোনি। আগে শোনা গিয়েছিল হয়ত কেকেআর ম্যাচেই ফিরবেন ধোনি। কিন্তু এখন শোনা যাচ্ছে, কেকেআর নয়, হায়দরাবাদ ম্যাচে হলুদ জার্সিতে ধোনির ফেরার সম্ভাবনা রয়েছে।


এদিকে, বিস্ফোরক ব্যাটার ডেওয়ার্ল্ড ব্রেভিস দিল্লি ম্যাচেই ফিরতে পারেন চেন্নাই দলে। তিনি ফিট হয়ে গিয়েছেন। মিডল অর্ডারে ঝড় তোলার ক্ষমতা রয়েছে এই প্রোটিয়া ব্যাটারের। 
এদিকে, ধোনি মাঠে ফিরলেও সম্ভবত উইকেটের পিছনে তাঁকে দেখা যাবে না। সঞ্জুই খেলবেন। যদিও ব্যাট হাতে সঞ্জু এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। 

এদিকে, লজ্জার রেকর্ড গড়ে ফেললেন আরসিবি ব্যাটার ফিল সল্ট। আইপিএলে এই নিয়ে তিনবার প্রথম বলেই আউট হলেন সল্ট। 


এবারের আইপিএলে ধারাবাহিকতার অভাবে ভুগছেন এই ইংরেজ ব্যাটার। চেন্নাইয়ের বিরুদ্ধে ৪৭ করার পর হায়দরাবাদের বিরুদ্ধে করেন ৮। এরপর রাজস্থানের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে আউট হন সল্ট। আর এই নিয়ে আইপিএলে তিন তিনবার প্রথম বলেই গোল্ডেন ডাকে ফিরলেন সল্ট। 

আইপিএলের ইতিহাসে প্রথম বলে সবচেয়ে বেশিবার আউট হয়েছেন পার্থিব প্যাটেল। তিনি চার বার প্রথম বলেই আউট হন। তিনবার করে প্রথম বলে আউট হয়েছেন ডোয়েন স্মিথ, পৃথ্বী শ, লোকেশ রাহুল ও ফিল সল্ট।