আজকাল ওয়েবডেস্ক: আইপিএল নিয়ে বিস্ফোরক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রিলি রোসু। কোটিপতি লিগকে বলিউডের সিনেমার সঙ্গে তুলনা করলেন। বর্তমানে পাকিস্তান সুপার লিগে কুয়েত্তা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন প্রোটিয়া তারকা। সম্প্রতি আইপিএল নিয়ে একটি মন্তব্য করেন তিনি।এগিয়ে রাখেন পিএসএলকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে প্রতিযোগিতার বিচারে আইপিএলের থেকে পিএসএলকে এগিয়ে রাখেন রোসু। জানান, আইপিএল বড় টুর্নামেন্ট। এখানে বলিউডের সহযোগিতা আছে। সেই কারণে আসল ক্রিকেটের তুলনায় আইপিএল বলিউড সিনেমার আকার নেয়।
রোসু বলেন, 'আইপিএল অনেক লম্বা টুর্নামেন্ট। তুলনায় পিএসএল অনেক ছোট টুর্নামেন্ট। এখানে প্রতিযোগিতা আরও মারাত্মক। আইপিএলের পাশে গোটা বলিউড আছে। তাই সেটা ক্রিকেটের থেকেও সিনেমা বেশি।' পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁদের কর্মীদের পিএসএলে ফ্র্যাঞ্চাইজির অঙ্গ হওয়ার অনুমতি দেয়। এই নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। মিসবা উল হক পেশোয়ার জালমির পরামর্শদাতা জানার পর এই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়। পিএসএলের শুরুতে পিসিবি সরফরাজ আহমেদ এবং ওয়াহাব রিয়াজকে কুয়েত্তা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দেয়নি। জানানো হয়, স্বার্থের সংঘাতের কারণে বোর্ডের বেতনভুক্ত কর্মীরা পিএসএলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কোনওরকমভাবে জড়িত থাকতে পারে না।কিন্তু পিসিবির জাতীয় নির্বাচক এবং ব্যাটিং পরামর্শদাতা হওয়া সত্ত্বেও পিএসএলের সঙ্গে যুক্ত মিসবা।
নিজের পক্ষে যুক্তি রেখে এই প্রসঙ্গে মিসবা বলেন, 'জাতীয় নির্বাচক হওয়ার আগেই আমি জলমির সঙ্গে চুক্তি সই করি। আর আমি ওদের হয় শুধু পরামর্শদাতার ভূমিকা পালন করি, তাও মরশুমের একটা নির্দিষ্ট সময়। মিসবা দাবি করেন, অন্যদের তুলনায় তাঁর বিষয়টি আলাদা। পিসিবির সঙ্গে চুক্তি হওয়ার আগেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু সরফরাজদের ক্ষেত্রে বিষয়টি উল্টো।















