আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালস শিবিরে। আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তারকা পেসারকে। লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জোড়া জয়ে আইপিএল শুরু করেছে দিল্লি। মিচেল স্টার্ক এখনও দলের সঙ্গে যোগ না দেওয়ায় পেস বিভাগে নেতৃত্ব দিচ্ছেন টি নটরাজন এবং মুকেশ কুমার। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, পরের তিন ম্যাচেও পাওয়া যাবে না স্টার্ককে। কাঁধ এবং কনুইয়ের চোট সারিয়ে উঠছেন তিনি। জানা গিয়েছে, ২০ এপ্রিলের পর দলের সঙ্গে যোগ দেবেন। তার আগে গুজরাট টাইটানস, চেন্নাই সুপার কিংস এবং রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ আছে দিল্লির।

দিল্লির বোলিং বিভাগে দুই পেসারের পাশাপাশি আছেন কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। অর্থাৎ, বোলিংয়ে যথেষ্ঠ ভারসাম্য আছে। তবে স্টার্ক ফিরলে বোলিং যে আরও জোরদার হবে সেটা বলার অপেক্ষা রাখে না। আইপিএলের আগে সমালোচকদের একহাত নেন অস্ট্রেলিয়ান তারকা। জানান, চোটের জন্য আইপিএলের শুরু থেকে যোগ দিতে পারেননি। দাবি করেন, দিল্লির প্রতি দায়বদ্ধতা কোনও অংশে কম নয়। স্টার্ক বলেন, 'অনেকেই অনেক রকমের কথা বলছে। তবে আমার কাঁধে এবং কনুইয়ে চোট আছে। আমি শুশ্রূষার মধ্যে দিয়ে যাচ্ছি। কবে মাঠে ফিরতে পারব এখনও জানি না। অনেকেই সঠিক না জেনে ভুল খবর ছড়াচ্ছে। আমার ফ্র্যাঞ্চাইজির প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আইপিএলের শুরু থেকে খেলতে না পারার জন্য দিল্লির কর্তৃপক্ষ এবং ফ্যানদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।'

গত আইপিএলে ১৪ উইকেট নেন ৩৬ বছরের অস্ট্রেলিয়ান তারকা। গতবছর নিলামে ১১.৭৫ কোটিতে স্টার্ককে কেনে দিল্লি। তার আগের আইপিএলে বিরাট অঙ্ক দিয়ে অজি তারকাকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু টুর্নামেন্টের শুরুতে জ্বলে উঠতে পারেননি। যদিও শেষদিকে ছন্দে ফেরেন। এবার দিল্লির জার্সিতে তাঁকে কবে দেখা যায় সেটাই দেখার।