আজকাল ওয়েবডেস্ক:‌ হারের হ্যাটট্রিক। একেবারে বিপর্যস্ত চেন্নাই সুপার কিংস। তার উপর চোটের জন্য ধোনি খেলতে পারছেন না। যা পরিস্থিতি তাতে পরের ম্যাচ জিততে না পারলে শুরুতেই প্লে–অফের অঙ্ক কঠিন হয়ে যাবে। এই অবস্থায় ফর্মে থাকা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কঠিন ম্যাচ রয়েছে চেন্নাইয়ের। তার আগে অবশ্য ভাল খবর চেন্নাই শিবিরে। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন মহেন্দ্র সিং ধোনি। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে ধোনিকে। তার পরেই ছাড়পত্র পাবেন তিনি। দিল্লি ম্যাচে ফিরতে পারেন দলের নির্ভরযোগ্য বিদেশি ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসও।


এটা ঘটনা, আইপিএলের প্রস্তুতির সময় পায়ের পেশিতে চোট পেয়েছিলেন ধোনি। ফলে প্রথম তিন ম্যাচে খেলেননি তিনি। অনুশীলন করলেও ম্যাচের দিন দলের সঙ্গে মাঠে যাননি। আগেই চেন্নাইয়ের তরফে বলা হয়েছিল, আইপিএলের প্রথম দু’‌সপ্তাহ খেলতে পারবেন না ধোনি। এদিকে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে ব্যাটিংয়ে অতিরিক্ত সময় দেন ধোনি। তাঁকে দেখে মনে হয়নি, বিশেষ সমস্যা হচ্ছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এবার ধোনির ফিটনেস পরীক্ষা হবে। তার পরেই খেলার অনুমতি পাবেন তিনি। এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম, চোট সারিয়ে ফিটনেস পরীক্ষা ছাড়া কোনও ক্রিকেটার খেলার অনুমতি পান না। তবে ধোনিকে দেখে মনে হচ্ছে, ফিটনেস পরীক্ষা পাশ করতে খুব একটা সমস্যা তাঁর হবে না। ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে চেন্নাই। সেই ম্যাচে খেলতে পারেন ধোনি।


এদিকে, ব্রেভিসকে নিয়েও খুশির খবর চেন্নাই শিবিরে। প্রস্তুতি শিবিরে তাঁরও পেশিতে টান ধরেছিল। দলের সঙ্গে গুয়াহাটি ও বেঙ্গালুরু গেলেও খেলেননি তিনি। ১০০ শতাংশ ফিট না থাকায় তাঁকে খেলানো হয়নি। দিল্লি ম্যাচের আগে আপাতত পাঁচ দিন সময় রয়েছে। এর মধ্যে ব্রেভিস খেলার জন্য ১০০ শতাংশ ফিট হয়ে যাবেন বলে আশা চেন্নাইয়ের।


বেঙ্গালুরু ম্যাচের আগে সেই কথা শোনা গিয়েছিল কোচ স্টিফেন ফ্লেমিংয়ের মুখেও। তিনি বলেছিলেন, ‘‌আমাদের আশা, পরের ম্যাচে ব্রেভিসকে পাওয়া যাবে। এখনও পাঁচ দিন সময় আছে। পরের পাঁচ দিনের মধ্যে ব্রেভিস মাঠে নামার জন্য তৈরি হয়ে যাবে।’‌