আজকাল ওয়েবডেস্ক: কলকাতার বিরুদ্ধে বৃহস্পতিবার ম্যাচ লখনউয়ের। খেলা ইডেনে। কিন্তু এই ম্যাচ হওয়া নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। কারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারও। এই বৃষ্টির জন্যই সোমবার ইডেনে পাঞ্জাব ম্যাচ ভেস্তে গিয়েছিল।
বৃহস্পতিবার কী হবে? এই প্রশ্নের উত্তর অজানা। তবে ঋষভ পন্থের একটা গুণের কথা সতীর্থরা সকলেই মানছেন। তা হল হাসিঠাট্টা করে তিনি দলকে সবসময় মাতিয়ে রাখেন। এই কথাই বলছেন এলএসজি’র স্পিন বোলিং কোচ কার্ল ক্রো। তিনি বলেছেন, ‘পন্থ ওর কাজকর্মেই বোলারদের আত্মবিশ্বাসী করে দেয়। দলের বৈঠকে বোলারদের বিভিন্ন পরামর্শ মন দিয়ে শোনে। ওদের দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনাকে বাড়তি গুরুত্ব দেয়। ব্যক্তিগতভাবে ওকে পাওয়া আমাদের কাছে সত্যিই সৌভাগ্যের।’
পন্থের আরও একটা গুণের কথা প্রকাশ্যে এনেছেন ক্রো। বলেছেন, ‘একটা জিনিস সবচেয়ে বেশি ভাল লাগে, সেটা যতই ছোট হোক না কেন। অধিনায়ক হিসাবে ঘরে ঢোকার সময় প্রত্যেককে ‘হ্যালো’ বলে হাত মেলায় পন্থ। নেতা হিসাবে এমন কাজ সতীর্থদের আরও স্বচ্ছন্দ করে তোলে। ওর এই বিষয়টা আমার খুবই ভাল লাগে।’
এটা ঘটনা, পন্থ নিজে যতটা সম্ভব বোলারদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি তিনি চেষ্টা করেন দলের অভিজ্ঞ ক্রিকেটারদেরও মতামত নেওয়ার। এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরানদের সঙ্গে নিয়মিত কথা বলেন পন্থ। ক্রো বলেছেন, ‘পন্থ হল ক্রিকেটারদের অধিনায়ক। দরকারের সময় ওর পরামর্শ পাওয়া যায়। তবে কিপার হিসাবে বার বার ৩০ গজ ছুটে গিয়ে প্রতি বলে বোলারকে পরামর্শ দেওয়া মুশকিল। কিন্তু ওর হাতে এইডেন এবং পুরানের মতো ক্রিকেটার রয়েছে, যারা এই কাজে ওকে সাহায্য করে।’ ক্রো আরও বলেছেন, ‘ঋষভকে নিয়ে সত্যিই খুব খুশি দল। ও সবসময় চায় দলের ভাল হোক।’















