এখনও জয়ের মুখই দেখল না কলকাতা। আইপিএলের সব মরশুম ধরলে এবারই সব থেকে খারাপ শুরু কেকেআরের। কোনও কিছুই ঠিকঠাক হচ্ছে না তাদের। মঙ্গলবার চিপকে চেন্নাই সুপার কিংসের কাছে ৩২ রানে হার মানল কেকেআর ব্রিগেড।
চেন্নাই সুপার কিংস ২০ ওভারে করে ৫ উইকেটে ১৯২ রান। কেকেআর রান তাড়া করতে নেমে থামল ৭ উইকেটে ১৬০ রানে। টস জিতে কলকাতা প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিল। চেন্নাইয়ের ইনিংসে সর্বোচ্চ রান করেন সঞ্জু স্যামসন। ৪৮ রান করেন তিনি। হাফ সেঞ্চুরি করতে পারেননি।
কলকাতা রান তাড়া করতে নেমে শুরু থেকে বিপর্যয়ের মুখে পড়ে। এদিন ফিন অ্যালেন ও সুনীল নারিন ওপেন করতে নেমেছিলেন। পাওয়ারপ্লেতেই ম্যাচ হেরে গিয়েছিল কলকাতা একথা বললেও অত্যুক্তি করা হবে না। কারণ চেন্নাই পাওয়ারপ্লেতে করেছিল ৭২ রান। তার পরে উইকেট পড়ল নিয়মিত। কেকেআর ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে গেল। চেন্নাইয়ের স্পিনার নূরের কথা বলতেই হবে। ৪ ওভার হাত ঘুরিয়ে ২১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন তিনি। কলকাতার ব্যাটারদের অসহায় লাগে তাঁর সামনে।
আর কবে জিতবে কেকেআর? পাঁচ ম্যাচে এখনও জয় অধরা। এবারের আইপিএলের আগে অনেক আশা নিয়ে দল সাজিয়েছিল তারা। কিন্তু আইপিএল যত এগোচ্ছে, কেকেআরের কাছে মেগা টুর্নামেন্ট দুঃস্বপ্ন হয়ে ধরা দিচ্ছে।
১৪ এপ্রিল ২০২৬ ২৩ : ৩০
৩২ রানে হারল কেকেআর
চিপকে চেন্নাইয়ের কাছে হার মানল কলকাতা। অসহায় আত্মসমর্পণ বললেও অত্যুক্তি করা হবে না। শেষ ওভারে রমনদীপকে ফেরালেন অংশুল কম্বোজ। অবশ্য অনেক আগেই ম্যাচ চলে গিয়েছিল চেন্নাইয়ের সাজঘরে। কেকেআর শেষ পর্যন্ত করল ৭ উইকেটে ১৬০ রান। চেন্নাই ম্যাচ জিতল ৩২ রানে। পাঁচটা ম্যাচে এখনও জয়হীন নাইটরা। কিছুই ঠিক হচ্ছে না তাদের। চেন্নাই পরপর দুটো ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল।
১৪ এপ্রিল ২০২৬ ২৩ : ২২
শেষ ওভারে কলকাতার দরকার ৪৫ রান
১৯ ওভারে কলকাতার রান ৬ উইকেটে ১৪৮। শেষ ওভারে কেকেআরের দরকার ৪৫ রান। ম্যাচ একপ্রকার হাতছাড়া হয়েই গিয়েছে কেকেআরের। শেষ ওভারে জয়ের জন্য দরকার রান। এই রান কি আদৌ করা সম্ভব?
১৪ এপ্রিল ২০২৬ ২৩ : ১৬
১২ বলে কলকাতার দরকার ৫৫ রান
১২ বলে কলকাতার দরকার ৫৫ রান। ১৮ ওভারের শেষে কেকেআরের রান ৬ উইকেটে ১৩৮। রভম্যান পাওয়েল ও রমনদীপ ক্রিজে। কিন্তু তাঁদের কাজ ক্রমশ কঠিন হচ্ছে। অলৌকিক কিছু কি ঘটাতে পারবেন দুই নাইট তারকা?
১৪ এপ্রিল ২০২৬ ২৩ : ১১
১৮ বলে ৬২ রান দরকার কলকাতার
১৭ ওভারে কলকাতার রান ৬ উইকেটে ১৩১ রান। ১৮ বলে ৬২ করতে হবে জেতার জন্য। ক্রিজে রোভম্যান পাওয়েল ও রমনদীপ সিং।
১৪ এপ্রিল ২০২৬ ২৩ : ০৩
১৬ ওভারে কলকাতার রান ১২০
১৬ ওভারে কলকাতার রান ৬ উইকেটে ১২০ রান। জয়ের সমীকরণ বেশ কঠিন। ২৪ বলে ৭৩ রান। পারবে কি কলকাতা? ক্রিজে রমনদীপ ও রোভম্যান পাওয়েল। টি-টোয়েন্টি ফরম্যাটে অনেক কিছুই হতে পারে। শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
১৪ এপ্রিল ২০২৬ ২২ : ৫১
১৪ ওভারে কলকাতার ১০০
১৪ ওভারে কলকাতা করল ১০০ রান। চলে গিয়েছে ৬টি উইকেট। ক্রিজে রয়েছেন রভম্যান পাওয়েল ও রমনদীপ সিং। সমীকরণ ক্রমশ কঠিন হচ্ছে কলকাতার।
১৪ এপ্রিল ২০২৬ ২২ : ৪৩
নূর ফেরালেন রিঙ্কুকে
হ্যাটট্রিক করতে না পারলেও নূর ফেরালেন রিঙ্কু সিংকে। বড় শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন নাইট তারকা। শিবম দুবে ক্যাচটি ধরেন। কলকাতা আরও চাপে। ৬ উইকেট হারিয়ে কেকেআরের রান ৯০। রিঙ্কু করেন মাত্র ৬।

১৪ এপ্রিল ২০২৬ ২২ : ৩৫
পরপর দু'বলে রাহানে ও গ্রিনকে ফেরালেন নূর
এবার কেকেআর অধিনায়ক রাহানেও আউট। নূরের বলে ফিরলেন কেকেআর ক্যাপ্টেন। ৮৪ রানে ৪ উইকেট নাইটদের। রাহানে ফিরলেন ২৮ রানে। তাঁর ক্যাচ ধরেন গায়কোয়াড়। নূরের পরের বলেই বোল্ড গ্রিন। খাতা খুলতে পারেননি তিনি। আইপিএলে লাগাতার ব্যর্থ তিনি। ১১ ওভারে কলকাতার রান ৫ উইকেটে ৮৫। প্রবল চাপে কলকাতা। পরের ওভারে হ্যাটট্রিকের সুযোগ নূরের।
১৪ এপ্রিল ২০২৬ ২২ : ২৭
আগের বলে ক্যাচ পড়ল রাহানের, পরের বলেই আউট রঘুবংশী
৯.২ ওভারে রাহানের ক্যাচ ছেড়েছিলেন সরফরাজ। পরের বলেই রঘুবংশী আউট হলেন। ১৯ বলে ২৭ রান করে ফিরলেন তিনি। কেকেআর-এর রান ৩ উইকেটে ৭৯। রাহানে ২৫ রানে ক্রিজে রয়েছেন।
১৪ এপ্রিল ২০২৬ ২২ : ০৬
পাওয়ারপ্লেতে কলকাতা করল ৩৬
পাওয়ারপ্লে-তে চেন্নাই করেছিল ৭২। কলকাতা ৬ ওভারের শেষে করল ৩৬ রান। চেন্নাই কিন্তু এই মুহূর্তে অনেকটাই এগিয়ে। কলকাতার দুই বিপজ্জনক ওপেনার ফিন অ্যালেন ও সুনীল নারিন ফিরে গিয়েছেন। ক্রিজে রয়েছেন কেকেআর ক্যাপ্টেন রাহানে ও অঙ্গকৃষ।

১৪ এপ্রিল ২০২৬ ২২ : ০০
নারিন আউট
জীবন ফিরে পাওয়ার পরেও বেশিক্ষণ টিকতে পারলেন না সুনীল নারিন। খলিল আহমেদের বলে শর্ট থার্ড ম্যানে নারিন ধরা পড়লেন গুরজপনীতের হাতে। ১৭ বলে ২৪ রান করে ফিরলেন নারিন। কেকেআরের রান ২ উইকেটে ২৯।
১৪ এপ্রিল ২০২৬ ২১ : ৫৪
নারিনের ক্যাচ পড়ল
নারিনের সহজ ক্যাচ ফেললেন রুতুরাজ। নারিন ১৮ রানে তখন। অংশুল কম্বোজের বলে রুতুরাজ নাইট তারকা নারিনের ক্যাচ ধরলে আরও চাপে পড়ে যেত কেকেআর।
১৪ এপ্রিল ২০২৬ ২১ : ৪৬
শুরুতেই বিপর্যয় নাইটদের, ফিরে গেলেন অ্যালেন
বিপজ্জনক ব্যাটার নাইটদের ফিন অ্যালেন। সেই তিনি চেন্নাইয়ের রান তাড়া করতে নেমে ১ রানে আউট হয়ে গেলেন। বড় ধাক্কা নাইটদের সাজঘরে। ১৩ রানে প্রথম উইকেট হারাল কেকেআর। উইকেট নিলেন অংশুল কম্বোজ।
১৪ এপ্রিল ২০২৬ ২১ : ৪২
চেন্নাইয়ের রান করতে নেমে প্রথম ওভারের শেষে কলকাতার রান ৭
চেন্নাইয়ের ১৯২ রান তাড়া করতে নেমে প্রথম ওভারে কলকাতা করে বিনা উইকেটে ৭ রান। কেকেআরের হয়ে ওপেন করতে নেমেছেন ফিন অ্যালেন ও সুনীল নারিন। ক্যারাবিয়ান অলরাউন্ডার খলিল আহমেদকে ছক্কা মারেন।
১৪ এপ্রিল ২০২৬ ২১ : ১৯
সিএসকে করল ১৯২ রান
মন্থর ওভার রেটের জন্য সাজা পায় কেকেআর। শেষ ওভারে লাগু হয় সেই সাজা। ১১ মিনিট পিছনে ছিল কলকাতা। শেষ ওভারে কার্তিক ত্যাগী দিলেন ৮ রান। চেন্নাই সুপার কিংস ২০ ওভারে করল ৫ উইকেটে ১৯২ রান।
১৪ এপ্রিল ২০২৬ ২১ : ০৮
১৮ ওভারে সিএসকে-র রান ৫ উইকেটে ১৭৫
১৮ ওভারে সিএসকে-র রান ৫ উইকেটে ১৭৫। ক্রিজে শিবম দুবে ও জ্যামি ওভারটন।
১৪ এপ্রিল ২০২৬ ২১ : ০৪
ত্যাগীর বলে ফিরলেন মারমুখী ব্রেভিস
মোক্ষম সময়ে চেন্নাইকে ধাক্কা দিল কলকাতা। কার্তিক ত্যাগীর স্লোয়ারে মারতে গিয়েছিলেন ব্রেভিস। অরোরা ক্যাচ ধরেন। সেট হয়ে যাওয়া ব্রেভিস ফিরলেন ৪১ রানে। ১৭.৩ ওভারে চেন্নাইয়ের রান ৫ উইকেটে ১৭১।
১৪ এপ্রিল ২০২৬ ২০ : ৫৬
নারিনের বলে বোল্ড সরফরাজ
নারিনের ক্যারম বল বুঝতে পারলেন না সরফরাজ খান। ১৮ বলে ২৩ রান করে ফিরলেন তিনি। ব্রেভিস ও সরফরাজের পার্টনারশিপ ভাঙলেন অভিজ্ঞ নারিন। ব্রেভিসের সঙ্গে যোগ দিলেন শিবম দুবে। ১৬.১ ওভারে সিএসকের রান ৪ উইকেটে ১৬২।
১৪ এপ্রিল ২০২৬ ২০ : ৫৩
সরফরাজ ও ব্রেভিস মিলে গড়লেন ৫১ রানের পার্টনারশিপ
সরফরাজ ও ব্রেভিস মিলে৫১ রানের পার্টনারশিপ গড়লেন। সরফরাজ ধীরে ধীরে হাত খুলছেন। তিনি ২৩ রানে অপরাজিত। অন্যদিকে ব্রেভিস খেলছেন ৩৭ রানে। ১৬ ওভারের শেষে সিএসকের রান ৩ উইকেটে ১৬২।
১৪ এপ্রিল ২০২৬ ২০ : ৪৬
চেন্নাইয়ের রানের গতি কমালেন নাইট অনুকূল
১৫ ওভারে চেন্নাইয়ের রান ৩ উইকেটে ১৪২। ক্রিজে ব্রেভিস (২৬) ও সরফরাজ (১৫)। ১৫-তম ওভারে নাইট অনুকূল দেন মাত্র ৬ রান। রানের গতি কমান সিএসকের।
১৪ এপ্রিল ২০২৬ ২০ : ৪০
১৪ ওভারে সিএসকের রান ৩ উইকেটে ১৩৬
১৪ ওভারের শেষে সিএসকে-র রান ৩ উইকেটে ১৩৬ রান। ক্রিজে রয়েছেন ব্রেভিস (২৫) ও সরফরাজ খান (১৩)। তিন নাইট--অনূকূল রায়, বৈভব ও কার্তিক ত্যাগী এখনও পর্যন্ত একটি করে উইকেট নিয়েছেন।
১৪ এপ্রিল ২০২৬ ২০ : ২৬
হাফ সেঞ্চুরি পেলেন না সঞ্জু, ফেরালেন ত্যাগী
কার্তিক ত্যাগী ফেরালেন সঞ্জুকে। ৪৮ রানে ফিরে গেলেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সঞ্জু। এদিনও নাইটদের বিরুদ্ধে বেশ ভাল এগোচ্ছিলেন তিনি। কেকেআরের উইকেট দরকার ছিল। কার্তিক ত্যাগী নাইটদের প্রয়োজনীয় উইকেট দিলেন। ১১.২ ওভারে সিএসকের রান ৩ উইকেটে ১১১।

১৪ এপ্রিল ২০২৬ ২০ : ২৩
১১ ওভারে সিএসকের রান ২ উইকেটে ১০৫
১১ ওভারে সিএসকে করল ২ উইকেটে ১০৫ রান। সঞ্জু অপরাজিত ৪২, ব্রেভিস খেলছেন ১৪ রানে। বরুণ চক্রবর্তী ২ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ১১ রান।
১৪ এপ্রিল ২০২৬ ২০ : ০০
ঝড়ের নাম আযূষ, বৈভব ফেরালেন তাঁকে
কেকেআর বোলারদের উপরে নির্দয় আয়ূষ মাহত্রে ফিরে গেলেন ৩৮ রানে। ৬ ওভারের শেষে চেন্নাইয়ের রান ২ উইকেটে ৭২। আয়ূষের জন্যই রুতুরাজের ধাক্কা সামলে পাওয়ারপ্লেতে সিএসকে ৭২ রান তুলল। আয়ূষ ১৭ বলে ৩৮ রান করেন। তাঁর ইনিংসে সাজানো ছিল ৬টি চার ও ২টি ছক্কা। মিড উইকেটে রমনদীপ ক্যাচটি ধরেন। সঞ্জুর সঙ্গে ক্রিজে এলেন ব্রেভিস।

১৪ এপ্রিল ২০২৬ ১৯ : ৫৫
বেদম মার খেলেন গ্রিন
চতুর্থ ওভার করেন ক্যামেরন গ্রিন। তাঁর ওভারে আসে ২১ রান। গ্রিনকে দুটো বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান আয়ূষ মাহত্রে। পঞ্চম ওভারে অনুকূল আবার রানের গতি থামান। তাঁর ওভারে আসে ৮ রান। ৫ ওভারে সিএসকের রান ১ উইকেটে ৬০। সঞ্জু খেলছেন ২৩ রানে। আয়ূষ ২৬ রানে ব্যাট করছেন।
১৪ এপ্রিল ২০২৬ ১৯ : ৪৬
অনুকূল এসেই উইকেট দিলেন নাইটদের, ফেরালেন রুতুরাজকে
দুই ওভার পরে রাহানে বোলিংয়ে আনেন অনুকূল রায়কে। ওয়াইড দিয়ে শুরু করেন তিনি। দ্বিতীয় বলে অনুকূল ফেরালেন সিএসকে ক্যাপ্টেন রুতুরাজকে। সাত রান করেন তিনি। ডিপ মিড উইকেটে রভম্যান পাওয়েল ক্যাচ ধরেন তাঁর। ২৫ রানে প্রথম উইকেট হারায় সিএসকে।
১৪ এপ্রিল ২০২৬ ১৯ : ৪১
প্রথম ওভারে ১৪ রানের পরে দ্বিতীয় ওভারে ১০ রান করল সিএসকে
২ ওভারের শেষে চেন্নাইয়ের রান ২৪। সঞ্জু ব্যাট করছেন ১৪ রানে। রুতুরাজ ৭। প্রথম ওভারে এসেছিল ১৪ রান। দ্বিতীয় ওভারে ১০ রান এল।
১৪ এপ্রিল ২০২৬ ১৯ : ৩৮
প্রথম তিন বলে তিনটি বাউন্ডারি সঞ্জুর
দ্বিতীয় বলেও চার মারেন সঞ্জু। পয়েন্টের মধ্যে দিয়ে দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকালেন তিনি। তৃতীয় বল শর্ট থার্ড ম্যান বাউন্ডারিতে পাঠান তিনি। প্রথম ওভারে চেন্নাই নিল ১৪ রান। তার মধ্যে সঞ্জুর রান ১৩। আর গায়কোয়াডের রান এক।
১৪ এপ্রিল ২০২৬ ১৯ : ৩৫
প্রথম বলেই দারুণ শুরু সঞ্জুর
১৪ এপ্রিল ২০২৬ ১৯ : ২৩
টস হেরেই চলেছেন রুতুরাজ
১৪ এপ্রিল ২০২৬ ১৯ : ১৩
চিপকের পিচ কেমন?
স্কোয়ার বাউন্ডারিগুলোর মাপে সমতা নেই। লেগ সাইডে ৬৩ মিটার, আর অন্যদিকে ৭০ মিটার।
চলতি মরশুমে চিপকে
বাউন্স ও পেস অনেক বেশি দেখা যাচ্ছে। আজ রাতেও সেই প্রবণতা বজায় থাকতে পারে।স্পিনাররা এই মরশুমে বেশ সমস্যায় পড়েছে। খুব বেশি স্পিন সহায়তা নাও পাওয়া যেতে পারে। তাই পেসারদের হয়তো বোলিংয়ে বৈচিত্র্য আনতে হবে।
১৪ এপ্রিল ২০২৬ ১৯ : ১০
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ কী?
সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), আয়ূষ মাহত্রে, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, সরফরাজ খান, জ্যামি ওভারটন, অংশুল কাম্বোজ, নূর আহমেদ, খলিল আহমেদ, গুরজপনীত সিং।
১৪ এপ্রিল ২০২৬ ১৯ : ০৮
কেকেআরের প্রথম একাদশ কী?
অজিঙ্ক রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, রমনদীপ সিং, সুনীল নারিন, বরুণ চক, কার্তিক ত্যাগী, বৈভব অরোরা।
১৪ এপ্রিল ২০২৬ ১৯ : ০২
টস জিতলেন রাহানে, প্রথমে বোলিং করবে নাইটরা
টস জিতলেন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। প্রথমে বোলিং করবে নাইটরা। চেন্নাই সুপার কিংসকে কম রানে আটকে রাখাই লক্ষ্য কেকেআরের।

১৪ এপ্রিল ২০২৬ ১৮ : ৫২
চেন্নাই বনাম কলকাতা, অতীতের মহারণ, বর্তমানের টিকে থাকার লড়াই
১৪ এপ্রিল ২০২৬ ১৮ : ৪৫
জয়হীন নাইটরা, ছন্দহীন সুপার কিংস, চিপকে লড়াই মর্যাদার
















