আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের আইপিএলে এবার এক অদ্ভুত বিতর্ক দেখা গেল। ‘কালাজাদু’ বিতর্ক ঘিরে নতুন মোড় দেখা গেল আইপিএলে। তারই সঙ্গে আরও বড় এক দাবি করে বসলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি।

তিনি জানালেন, আইপিএলে কালাজাদু এই প্রথম নয়। এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছেন আইপিএলে এক কর্ণধার, যিনি কালাজাদুর সঙ্গে যুক্ত ছিলেন। যদিও ললিত মোদি কারোর নাম করেননি।

এই বিতর্কের সূত্রপাত ১৯ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলাকালীন একটি ভাইরাল ভিডিওকে ঘিরে। এর পরেই সোশ্যাল মিডিয়ায় একটি অভিযোগপত্র ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ললিত মোদি লেখেন, ‘এই ব্যাপারটা ভুয়ো বলেই মনে হচ্ছে। তবে এক ফ্র্যাঞ্চাইজির কর্ণধার এই ধরনের কাজ আগে করেছেন।’

ভাইরাল হওয়া ওই অভিযোগপত্র চেন্নাই সুপার কিংসের তরফে লেখা বলে দাবি করা হয়েছিল। তবে সেটাকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান। তবে একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, অতীতে লিগ চলাকালীন এমন ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, ‘২০১১ সালের আইপিএল মরশুমে এমন এক ঘটনার কথা আমি নিজেই পোস্ট করেছিলাম। আইপিএলের একটি দল প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে ঠিক এই ধরনের কাজ করেছিল। তখন আমার কাছে নির্দিষ্ট প্রমাণ ছিল এবং আমি প্রতিপক্ষ দলের মালিকদেরও সতর্ক করেছিলাম। ভবিষ্যতে এই ধরনের ঘটনায় কারা জড়িত ছিল, তা নিয়ে একটি সিনেমা বা টিভি সিরিজে সব প্রকাশ করা হবে।’

যদিও এই চিঠির সত্যতা বা তথাকথিত ঘটনার বিষয়ে আইপিএল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কোনও ফ্র্যাঞ্চাইজির তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি নিশ্চিতকরণ মেলেনি।

উল্লেখ্য, হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হওয়া ম্যাচটি ছিল সানরাইজার্স এবং সিএসকে। ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই দুরন্ত শুরু করেছিল। পাওয়ারপ্লেতেই ৭৬ রান তুলে ফেলে তারা।

নিয়ন্ত্রিত বোলিংয়ে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে হায়দরাবাদ। গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে চাপ বাড়ায় তারা। যার মধ্যে ছিলেন শিবম দুবেও। এই সময়েই গ্যালারিতে ঘটে যায় সেই ভাইরাল মুহূর্ত।

গ্যালারিতে এক দর্শককে ‘লেবু নিয়ে টোটকা’ করতে দেখা যায়। আর তার কিছুক্ষণের মধ্যেই শাকিব হুসেনের বলেই আউট হন দুবে। নেটিজেনদের মতে, গ্যালারিতে ওই কালাজাদুর ফলেই ম্যাচের মোড় ঘুরে গিয়েছিল।

শেষ ওভারে জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের দরকার ছিল ১৮ রান। বল করতে এসে প্রফুল হিঙ্গে শুরুতেই নো-বল করে বসেন। তবে চাপ সামলে শেষ তিন বলে দারুণ বোলিং করে চেন্নাইকে ১৮৪ রানে আটকে দেন তিনি। ফলে স্মরণীয় জয় তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।